স্পোর্টস ডেস্ক।।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ২০১৮ সালে, ভারতের দেরাদুনে। ৩ ম্যাচের সেই সিরিজে টাইগারদের হোয়াইওয়াশ করেছিলেন রশিদ খানরা। এরপর ঘরের মাঠে খেলা দুই সিরিজের একটিতে ১-১ সমতা ও একটিতে ২-০ ব্যবধানে জয়ী হয় বাংলাদেশ।
আরব আমিরাতে আফগানদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে গতকাল জয় পেয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজে দেশটির বিপক্ষে যা প্রথম জয়। আজ পরদিনই দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে দুই দল। আজ জিতলেই তৈরি হবে ইতিহাস। বিদেশের মাটিতে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে।
শারজায় প্রথম ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ অম্লমধুর। ৪ উইকেটে ম্যাচ জিতলেও দুশ্চিন্তা হয়ে আছে ৯ রানের মধ্যে ৬ উইকেট হারানো। মিডল অর্ডার সমস্যা কাটিয়ে ওঠাই হবে আজকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দিয়ে ফেরানো হতে পারে তাওহিদ হৃদয়কে।
১০৯ রানের জুটি গড়ে ওপেনার হিসেবে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তিনে নেমে শূন্য রানে আউট হলেও টিকে যেতে পারেন সাইফ হাসান। অধিনায়ক জাকের আলি তো থাকছেনই। গতকাল দারুণ ফিনিশিং করা নুরুল হাসান সোহানের জায়গাটিও অনেকটাই পাকা।
স্পিনার হিসেবে নাসুম আহমেদ আর রিশাদ হোসেনের জায়গাও পরিবর্তন হওয়ার কথা নয়। তবে পেস বিভাগে পরিবর্তন আসতে পারে। পরপর দুই দিন ম্যাচ থাকায় বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিন আহমেদকে। তাছাড়া এশিয়া কাপে টানা ম্যাচ খেলার ক্লান্তি থেকে মুক্তি দেওয়া হতে পারে তাসকিন আহমেদকে। সেক্ষেত্রে দলে ফিরতে পারেন আরেক পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি (অধিনায়ক), নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান।











































