Home খেলাধুলা ঝড়ো সেঞ্চুরিতে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ গ্রিনের, হেড-মার্শেরও উন্নতি

ঝড়ো সেঞ্চুরিতে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ গ্রিনের, হেড-মার্শেরও উন্নতি

17


স্পোর্টস ডেস্ক।।

সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ঝড়ো সেঞ্চুরি করে আইসিসি র‍্যাঙ্কিংয়ে রেকর্ড অগ্রগতি দেখিয়েছেন ক্যামেরন গ্রিন। একই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা মিচেল মার্শ ও ট্রাভিস হেডের অবস্থানও উন্নত হয়েছে ব্যাটসম্যানদের তালিকায়।

আইসিসি সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে বুধবার, যেখানে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় ৪০ ধাপ এগিয়ে গ্রিন উঠে এসেছেন ক্যারিয়ার-সেরা ৭৮তম স্থানে। এর আগে তার সর্বোচ্চ অবস্থান ছিল ৮৭ নম্বরে।

অধিনায়ক মিচেল মার্শ এগিয়েছেন চার ধাপ, এখন তিনি ৪৪ নম্বরে। আর এক ধাপ এগিয়ে ট্রাভিস হেড যৌথভাবে ১১ নম্বরে জায়গা করে নিয়েছেন শ্রীলংকার কুশল মেন্ডিসের সঙ্গে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে শেষ ওয়ানডেতে রীতিমতো ব্যাটিং ঝড় তোলে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতেই হেড ও মার্শ মিলে উপহার দেন ২৫০ রানের জুটি। মার্শ খেলেন ১০৬ বলে ১০৩ রানের ইনিংস, মারেন ৫টি ছক্কা ও ৬টি চার। হেড ছিলেন আরও বিধ্বংসী—১০৩ বলে ১৪২ রান, ৫টি ছক্কা ও ১৭টি চার।

শেষ দিকে আগুনে ব্যাটিংয়ে আলো ছড়ান গ্রিন। ৫৫ বলে ৮ ছক্কা ও ৬ চারে করেন ১১৮ রানের অপরাজিত ইনিংস। প্রথম তিন ব্যাটসম্যানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া মাত্র ২ উইকেটে তোলে ৪৩১ রান। পরে প্রোটিয়াদের গুটিয়ে দেয় মাত্র ১৫৫ রানে, জেতে ২৭৬ রানের বিশাল ব্যবধানে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ রান করা জশ ইংলিসও এগিয়েছেন ২৩ ধাপ, এখন তিনি আছেন ৬৪তম স্থানে। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে কেউই র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করতে পারেননি।

ওয়ানডে ব্যাটসম্যানদের শীর্ষ দশে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে আছেন ভারতের শুভমান গিল।

বোলারদের তালিকায় বড় পরিবর্তন দেখা গেছে শীর্ষে। সিরিজের শেষ ম্যাচে ৫৭ রানে ১ উইকেট নেওয়া কেশভ মহারাজ কিছু রেটিং পয়েন্ট হারিয়েছেন, ফলে শ্রীলংকার মাহিশ থিকশানার সঙ্গে যৌথভাবে এখন শীর্ষে তিনি—দুজনের রেটিং পয়েন্ট ৬৭১।

মহারাজের সতীর্থ লুঙ্গি এনগিডি এগিয়েছেন ছয় ধাপ, এখন তিনি আছেন ২৮তম স্থানে। অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে উন্নতি হয়েছে শন অ্যাবট (৯ ধাপ এগিয়ে ৪৮তম) ও ন্যাথান এলিসের (২১ ধাপ এগিয়ে ৬৫তম)।

আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন।