স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপ ২০২৫-এর সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ—ভারত বনাম পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। ম্যাচটি ঘিরে উন্মাদনা যেমন তুঙ্গে, তেমনই রেকর্ড ছাড়িয়েছে বিজ্ঞাপনের মূল্যও।
ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের সরাসরি সম্প্রচার করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক, যারা প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য দাবি করছে ১৪ থেকে ১৬ লাখ রুপি! এর ফলে ভেঙে গেছে আগের সব রেকর্ড।
১৪ সেপ্টেম্বর পড়েছে রবিবার, অর্থাৎ সপ্তাহান্তের ছুটির দিনে দর্শকসংখ্যা থাকার কথা সর্বোচ্চ। সেই জনপ্রিয়তা ও চাহিদাকেই কাজে লাগাতে চাচ্ছে সম্প্রচারকারী সংস্থা। সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়ার তরফে বিজ্ঞাপনদাতাদের যে অ্যাড কার্ড দেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে ১৬ লাখ রুপির এই চড়া বিজ্ঞাপনমূল্যের।
এমন বিপুল অর্থ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ অবাক হয়ে বলছেন “টাকাটা কি সব?”, আবার কারও মতে, “এটাই তো ভারত-পাক ম্যাচের ভিউয়ারশিপ পাওয়ার!”











































