Home আঞ্চলিক তিন কোটি টাকার ব্রিজ এখন পাট শুকানোর ‘উঠান’

তিন কোটি টাকার ব্রিজ এখন পাট শুকানোর ‘উঠান’

17


ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজ দুই বছর ধরে পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। যাত্রীবাহী বা মালবাহী কোনো যানবাহন তো নয়ই, এমনকি সাধারণ পথচারীরাও ব্রিজটি ব্যবহার করতে পারছেন না।
জানা যায়, ২০২৩ সালের ২১ এপ্রিল পাইকপাড়া গ্রামের জিকে সেচ খালের ওপর ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু ব্রিজটির দু’পাশে কোনো সংযোগ সড়ক না থাকায় তা কার্যত পরিত্যক্ত পড়ে আছে। ফলে এলাকাবাসী এখনও পুরোনো ও ঝুঁকিপূর্ণ ব্রিজ ব্যবহার করেই চলাচল করতে বাধ্য হচ্ছেন।
বর্তমানে নবনির্মিত ব্রিজটি ব্যবহার হচ্ছে পাট শুকানো, পাটখড়ি রাখার জায়গা এবং ইট-বালি মজুদের স্থান হিসেবে। এমনকি কেউ কেউ ঘোড়ার গাড়িও রেখে দিচ্ছেন ব্রিজের ওপর। এতে সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামোটি পরিণত হয়েছে একখণ্ড খোলা মাঠ বা উঠানের মতো অব্যবহৃত জায়গায়।
পাইপাড়া গ্রামের কৃষক রাশেদুল ইসলাম বলেন, ‘সরকার এত টাকা খরচ করে ব্রিজ বানালো কিন্তু রাস্তা না থাকায় কেউই ব্যবহার করতে পারছে না। আমরা এখনও পুরোনো ভাঙা ব্রিজ দিয়ে চলাচল করি, যেখানে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। নতুন ব্রিজটা পড়ে আছে, মানুষ সেখানে পাট শুকায়, ইট-বালি রাখে। এটা তো খুবই দুঃখজনক।’
সড়কে চলাচলকারী ইমরান হোসেন নামে এক নসিমন চালক বলেন, ‘পুরাতন ব্রিজ দিয়ে নসিমন চালাতে খুব ভয় লাগে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। নতুন ব্রিজটা আছে, কিন্তু রাস্তা না থাকায় আমরা ব্যবহার করতে পারি না। সরকার যদি একটু দেখতো, তাহলে আমাদের কষ্ট অনেক কমে যেত।’
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, ব্রিজ নির্মাণের সময় জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে দু’পাশে সড়ক নির্মাণ করা যায়নি। তবে অচিরেই সড়ক নির্মাণ করে ব্রিজটি চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।