Home Lead পেঁয়াজের ঝাঁঝে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস

পেঁয়াজের ঝাঁঝে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস

12


সৈয়দ রানা কবীর
পেঁয়াজের ঝাঝে এখন নাজেহাল খুলনার সাধারণ মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষেরা। দিন দিন পেঁয়াজের ঝাঁঝ বৃদ্ধি পাচ্ছে। সঠিক বাজার মনিটরিং না থাকায় সাধারণ মানুষের মধ্যে এখন নাভিশ্বাস উঠেছে।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম মণ প্রতি বেড়েছে হাজার টাকা (কেজিতে বেড়েছে ২৫ টাকা)। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কমে যাওয়ায় এমনটি হয়েছে। এদিকে পাইকারি বাজারে দর বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে এর প্রভাব পড়েছে ব্যাপক ভাবে।
হঠাৎ করেই এক সপ্তাহের ব্যবধানে ১৫০০ টাকা মণ পেঁয়াজের দাম পাইকারি বাজারে বিক্রয় হচ্ছে ২৫০০ থেকে ২৬০০ টাকা দরে। যা খুচরা বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। পেঁয়াজের এই দর বৃদ্ধির কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার অনুপাতে সরবরাহ কমেছে।
এদিকে চাষি ও পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমে জেলার চাষিরা পাট নিয়ে ব্যস্ত সময়ে পার করায় বাজারের পেঁয়াজ সরবরাহ করছে কম। এতেই পণ্যটির চাহিদার ঘাটতি হচ্ছে বলে অজুহাত দাঁড় করিয়েছেন।
খালিশপুর চিত্রালী সুপার মার্কেটের কাঁচা বাজারে পেঁয়াজ কিনতে আসা দিনমজুর আ: রহমান জানান, দিন দিন সব নিত্যপণ্যের মুল্য বেড়েই চলেছে। শুধু পেঁয়াজ না সকল জিনিসপত্রের দাম বৃদ্ধির কারনে এখন পরিবার পরিজন নিয়ে দিন যাপন হয়ে উঠেছে খুবই কঠিন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০/২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। যা সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
নিরালা কাঁচা বাজারে পেঁয়াজ কিনতে আসা এক গৃহিণী শাহনাজ পারভীন জানান, দিনের পর দিন একেকটা পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এতে করে আমাদের সীমিত আয়ের ও মধ্যবৃত্তদের এখন জীবনযাপন করা খুবই কঠিন হয়ে পড়েছে। ৫৫/৬০ টাকার পেঁয়াজ বৃহস্পতিবার ৮০/৮৫ টাকায় বিক্রি হচ্ছে। যা আমাদের মত স্বল্প আয়ের মানুষের খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
খুলনার সোনাডাঙ্গা ট্রাক ষ্টান্ডস্হ পাইকারি কাঁচা বাজারে পেঁয়াজ ব্যবসায়ী আনিসুজ্জামান বলেন, বৃহত্তর ফরিদপুরের অনেক পেঁয়াজ চাষিরা এখন পাট জাগ দেওয়া, ধোয়া ও শুকানোর কাজে বেশি ব্যস্ত। সেই কারণে পাইকারি বাজারগুলোতে পেঁয়াজ সরবরাহ কম হচ্ছে।
সুত্র জানায়, দেশের দ্বিতীয় বৃহত্তর পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুর। এই জেলার পেঁয়াজ খুলনাসহ আশপাশের অঞ্চলে সরবরাহ করা হয় বেশি। কিন্তু সেখানকার চাষিরা এখন পাট জাগ ও পরিচর্যার কাজে ব্যস্ত থাকায় বাজারে দাম বৃদ্ধির এই প্রভাব পড়েছে বলে পাইকারি অনেক পেঁয়াজ বিক্রেতা জানান।
একই কথা বলেন দৌলতপুরের সাইফুর রহমান। তিনি ক্ষোভের সঙ্গে জানান, মৌসুমে পেঁয়াজের দর পাননি চাষিরা। এখন বড় বড় চাষি ছাড়া কারও হাতে পেঁয়াজ তেমন নেই। যা আছে তা আড়তদারদের কাছে। এখন দাম বেড়েছে, লাভ করছে আড়তদাররা। আমাদের তো যা হওয়ার হয়েছে।
খুলনা শহরের সন্ধ্যা বাজারে পেঁয়াজ কিনতে আসা গৃহিণী সাইদা আক্তার, চাকরিজীবী আসমত উল্লাহসহ বেশ কয়েকজন বলেন, হঠাৎ কেন পেঁয়াজের এত দাম। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসনের দেখা উচিত। আমাদের মতো সাধারণ ভোক্তাদের এত দরে পেঁয়াজ কেনা কষ্টকর।
জেলা প্রশাসন ও ভোক্তা অধিদফতরের নিয়মিত বাজার তদারকির অভিযান পরিচালনা না করায় নিত্যপণ্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অতিরিক্ত পেঁয়াজ মজুত করে রাখছে বলে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে সকল নিত্যপণ্য।
খুলনার সোনাডাঙ্গায় পাইকারি এক পেঁয়াজ চাষি ও ব্যবসায়ী এনায়েত আলী বলেন, খোদ ফরিদপুরের বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি।
ফরিদপুরের কানাইপুর থেকে সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারে আসা এক পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী তপন কুমার বলেন, বর্তমানের বাইরের (বিদেশি) পেঁয়াজের আমদানি নেই। এ ছাড়াও দেশীয় পেঁয়াজের সরবরাহ তুলনামূলক কম থাকায় চাহিদার সঙ্গে মিলছে না। যে কারণেই এখন দাম একটু বেড়েছে।
পেঁয়াজের এই লাগামহীন দরে ভোক্তাদের মাঝে অসন্তুষ্ট দেখা গেছে। ভোক্তাদের প্রত্যাশা, সরকার পেঁয়াজের দামের লাগাম টানতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেনা।
একটি নির্ভরযোগ্য সুত্রে জানাযায়, এই মৌসুমে বৃহত্তর ফরিদপুর জেলায় পেঁয়াজ আবাদ হয়েছিল ৩৮ হাজার হেক্টর জমিতে, যা থেকে উৎপাদন হয় ছয় লাখ ৭৭ হাজার মেট্রিক টন। যদিও মৌসুমে চাষি পর্যায়ে এক হাজার থেকে ১৫০০ টাকা মণপ্রতি দর পেয়েছিলেন কৃষক। এতে ক্ষুব্ধ ছিলেন পেঁয়াজ চাষিরা। পেঁয়াজ উৎপাদনের ব্যয় বেড়ে যাওয়ায় চাষি পর্যায়ে দুই হাজার থেকে ২২০০ টাকার দর পেলে তারা লাভবান হতো।