ক্রীড়া ডেস্ক।।
জুলাই মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় থাকা তিনজনের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেরা দৌড়ে সংক্ষিপ্ত এ তালিকায় রয়েছে ভারতীয় অধিনায়ক শুভমান গিল, দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার উইয়ান মুল্ডার ও ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
জুলাই মাসজুড়ে দুর্দান্ত পারফর্ম করা গিল ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় পাঁচ ম্যাচের সিরিজের তিন টেস্টে ৯৪.৫০ গড়ে ৫৬৭ রান করেছেন। এজবাস্টনে ভারতের ঐতিহাসিক জয়ের টেস্টে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২৫ বছর বয়সী গিল। প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে খেলেন ১৬১ রানের ঝকঝকে ইনিংস। দুই ইনিংস মিলিয়ে গিলের ৪৩০ রান এক টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইতিহাস গড়েছে। ইংল্যান্ডের সাবেক ব্যাটার গ্র্যাহাম গুচ এক টেস্টে সর্বোচ্চ ৪৫৬ রান করেছিলেন।
ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টেও গিল তার অসাধারণ ফর্ম ধরে রেখে আরও এক সেঞ্চুরি উপহার দেন। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ১০৩ রানে ইনিংস। এই ম্যাচে ভারত গুরুত্বপূর্ণ ড্র করে।











































