Home খেলাধুলা দ্বিতীয় টেস্টেও নেই অধিনায়ক ল্যাথাম

দ্বিতীয় টেস্টেও নেই অধিনায়ক ল্যাথাম

7


স্পোর্টস ডেস্ক।।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। একে একে ইনজুরিতে পড়েছেন তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার, যার সর্বশেষ নামটি দলটির নিয়মিত টেস্ট অধিনায়ক টম ল্যাথাম।

আজ বৃহস্পতিবার বুলাওয়েতে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টে ৯ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দিতে পারছেন না ল্যাথাম, কাঁধের চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় তাকে বাইরে রেখেছে টিম ম্যানেজমেন্ট।

কিউই কোচ রব ওয়াল্টার বলেন, ‘সে দ্বিতীয় টেস্টে ফেরার জন্য কঠোর চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারেনি। তার জন্য ব্যাপারটা বেশ হতাশার, আমরাও সেটা অনুভব করছি।’

ল্যাথামের অনুপস্থিতিতে প্রথম টেস্টে নেতৃত্ব দেন সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। দ্বিতীয় টেস্টেও তাকেই অধিনায়ক হিসেবে দেখা যাবে। ল্যাথামের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন অকল্যান্ডের ২৩ বছর বয়সী ব্যাটার বেভন জ্যাকবস। দ্রুতই তিনি যোগ দেবেন বুলাওয়ে টেস্ট স্কোয়াডে।

এর আগে আরও দুই কিউই খেলোয়াড় ছিটকে গেছেন ইনজুরির কারণে। প্রথম টেস্টে বল করার সময় পিঠে চোট পান ডানহাতি পেসার উইলিয়াম ও’রুর্ক। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ উইকেট নিলেও পরে স্ক্যান রিপোর্টে চোট ধরা পড়ে। তার জায়গায় দলে নেওয়া হয়েছে বেন লিস্টারকে।

অন্যদিকে ব্যাটিংয়ের সময় পেটে প্রদাহজনিত সমস্যায় পড়েন অলরাউন্ডার নাথান স্মিথ। এমআরআই পরীক্ষায় সমস্যা ধরা পড়ার পর তাকেও দল থেকে সরিয়ে নেওয়া হয়। তার পরিবর্তে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন জ্যাক ফকস।

একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড প্রথম টেস্টে জয়ের ধারা ধরে রেখেছিল। তবে দ্বিতীয় ম্যাচে একাধিক তারকা খেলোয়াড়ের অনুপস্থিতি দলের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।