স্পোর্টস ডেস্ক
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে থাকছেন না জসপ্রিত বুমরাহ। আগামীকাল বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে যাওয়া সিরিজ নির্ধারণী ম্যাচে এই তারকা পেসারকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম।
এ নিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বুমরাহর পিঠের পুরোনো চোট এবং ভারতের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগেই সিরিজ শুরুর আগেই একটি পরিকল্পনা করা হয়েছিল—পাঁচ ম্যাচের সিরিজে তিনটি টেস্ট খেলবেন বুমরাহ। সেই অনুযায়ী প্রথম, তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলেন তিনি। দ্বিতীয় টেস্টে বিশ্রামে ছিলেন। তবে ২–১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতের সামনে যখন সিরিজ বাঁচানোর লড়াই, তখন ধারণা করা হয়েছিল বুমরাকে শেষ টেস্টে খেলানো হতে পারে।
কোচ গৌতম গম্ভীরও চতুর্থ টেস্টের পর বলেছিলেন, বুমরাহ খেলতে প্রস্তুত। কিন্তু দুই দিন না যেতেই বিসিসিআই জানায়, তাকে বিশ্রামে রাখা হচ্ছে।
সর্বশেষ ওল্ড ট্রাফোর্ড টেস্টে বুমরাহ ছিলেন একেবারেই নিষ্প্রভ। একমাত্র ইনিংসে ৩৩ ওভার বল করে ১১৫ রান দিয়েছিলেন, যা তার ক্যারিয়ারের সবচেয়ে খরুচে ইনিংস। সেই সঙ্গে তার গতি কমে যাওয়ার বিষয়টিও ছিল উদ্বেগের। হেডিংলিতে যেখানে ১৪০ কিলোমিটারের ওপরে গতির ডেলিভারির হার ছিল ৪২.৭ শতাংশ, সেখানে ওল্ড ট্রাফোর্ডে তা নেমে আসে মাত্র ০.৫ শতাংশে।
সিরিজে তিন ম্যাচে ১৪ উইকেট নিয়ে এখনো মোহাম্মদ সিরাজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বুমরাহ। তার জায়গায় দলে ফিরছেন আকাশ দীপ। দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিং করে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ১০ উইকেট। চতুর্থ টেস্টে চোটের কারণে খেলতে না পারলেও বর্তমানে পুরোপুরি ফিট, এবং প্রস্তুত বল হাতে নামতে।
বুমরাহর অনুপস্থিতিতে ভারতীয় পেস আক্রমণের নেতৃত্ব দিবেন সিরাজ। তিনি এখন পর্যন্ত সিরিজে ১৩৯ ওভার বল করেছেন, যা পেসারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। তার ওয়ার্কলোড নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ভারতের হাতে তেমন বিকল্প নেই। তৃতীয় পেসার হিসেবে দলে জায়গা পেতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা কিংবা চোট কাটিয়ে ফেরা অর্শদীপ সিং।
উইকেটকিপার হিসেবে খেলবেন ধ্রুব জুরেল, কারণ ঋষভ পন্ত এখনো সুস্থ নন। ইংল্যান্ডে জুরেলের খেলার অভিজ্ঞতা না থাকায় ব্যাটিং গভীরতা বাড়াতে একাদশে থাকতে পারেন অলরাউন্ডার শার্দূল ঠাকুর।
এতে কুলদীপ যাদবকে হয়তো আরও একবার একাদশের বাইরে থাকতে হবে। কারণ, ওভালের পিচে এখনো ঘাস রয়েছে, এবং মেঘলা আবহাওয়ার সম্ভাবনা থাকায় স্পিনে আগের মতোই রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ওপর ভরসা রাখতে চাইছে ভারত।
চলতি মৌসুমে ওভালে হওয়া কাউন্টি ম্যাচগুলোর পরিসংখ্যানও পেসারদের পক্ষে কথা বলছে—১৫০ উইকেটের মধ্যে ১৩১ উইকেটই নিয়েছেন পেসাররা। সবমিলিয়ে, ভারতের টিম কম্বিনেশন এবার অনেকটাই নির্ভর করছে কন্ডিশনের ওপর, আর সিরিজ বাঁচানোর এই ম্যাচে বুমরাহকে ছাড়াই লড়তে হবে গৌতম গম্ভীরের দলকে।











































