স্পোর্টস ডেস্ক
চলমান ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। সিরিজ হার এড়াতে শেষ টেস্টে জয়ের বিকল্প নেই। তাই লন্ডনের ওভালে শুরু হতে যাওয়া পঞ্চম ও শেষ টেস্টে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে চায় সফরকারীরা। সেই লক্ষ্যে আবারও দলে দেখা যেতে পারে পেস আক্রমণের নেতা জসপ্রিত বুমরাহকে।
সিরিজের চতুর্থ টেস্ট ম্যানচেস্টারে ড্র হয়। সেখানে ভারতীয় ব্যাটিং লাইনআপ শুভমান গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ বাঁচায়।
প্রথম টেস্ট হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফেরায় ভারত। তবে তৃতীয় টেস্টে লর্ডসে হেরে ফের চাপের মুখে পড়ে দলটি।
চলতি সিরিজ শুরুর আগে বুমরাহকে তিন টেস্টে খেলার পরিকল্পনা করেছিল টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে অবশ্য প্রত্যাশিত ছন্দে ছিলেন না এই ডানহাতি পেসার। ইনিংসে ৩৩ ওভারে ১১২ রান খরচ করে মাত্র দুটি উইকেট নেন তিনি—টেস্ট ক্যারিয়ারে যা তার সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড।
তবুও, পেস আক্রমণে ইনজুরির চাপ থাকায় ওই ম্যাচে বুমরাহর বিকল্প ছিল না। আকাশ দিপ (কুঁচকির চোট) ও আর্শদিপ সিং (আঙুলের চোট) ছিটকে পড়ায় অভিষেক করানো হয় আনশুল কাম্বোজকে।
ভারত অধিনায়ক শুভমান গিল জানিয়েছেন, বুমরাহ ফিট থাকলে তাকে খেলানো হতে পারে। তবে সিদ্ধান্ত এখনো হয়নি, ‘সে নিজেকে ফিট মনে করলে এবং খেলতে চায়, তাহলে এটা আমাদের জন্য বড় সুবিধা।’
গৌতম গম্ভীর আশ্বস্ত করেছেন, দলের সব ফাস্ট বোলার এখন ফিট। আকাশ দিপও সেরে উঠেছেন বলে জানিয়েছেন গিল।
‘আমরা এখনো একাদশ নিয়ে আলোচনা করিনি। শেষ পর্যন্ত যারা খেলবে, তারা দেশের জন্য জয়ের চেষ্টা করবে।’ -যোগ করেন গিল।
আগামী বৃহস্পতিবার ওভালে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। সমতা ফেরাতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত।











































