স্টাফ রিপোর্টার।।
জাল টাকায় প্রতারিত হওয়া সেই গরু বিক্রেতাকে পবিত্র ওমরাহ হজে পাঠালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গরু বিক্রির সময় জাল টাকায় প্রতারিত হয়ে সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। তাকেই হজ করতে পাঠাতে সহায়তা করলেন অপু।
গত ঈদুল আজহার আগে উত্তরার দিয়াবাড়ী হাটে নিজের লালন-পালন করা গরু বিক্রি করতে এসে নির্মম প্রতারণার শিকার হন নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের এই বৃদ্ধ। একজন ক্রেতা তাকে ১ লাখ ২৩ হাজার টাকা দেন। যার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। প্রতারণার ভয়াবহতায় বাকরুদ্ধ হয়ে হতাশায় কেঁদে উঠেছিলেন সেই বৃদ্ধ, আর সেই দিনের তার হাহাকার নাড়া দিয়েছিল গোটা দেশকে। পরবর্তীতে সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে তার দুর্দশার খবর ছড়িয়ে পড়ে। এরপর নানা দিক থেকে সহায়তা আসে। এ সময় মানবিক উদ্যোগের অংশ হিসেবে অপু যোগাযোগ করেন রইস উদ্দিনের সঙ্গে এবং তাকে ওমরাহ পালনে সহায়তা করার ঘোষণা দেন। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শক্রমে অপু রইস উদ্দিনের ওমরাহ’র যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন রইস উদ্দিন।
রওনা হওয়ার আগে তিনি বলেন, অভিনেত্রী অপু বিশ্বাস আমাকে ওমরাহ করাচ্ছেন। তিনি কথা রেখেছেন, আমি যাচ্ছি পবিত্র ওমরাহ করতে। এ বিষয়ে অপু বলেন, তিনি আমার বাবার বয়সী। আজ যদি আমি তার নিজের মেয়ে হতাম, তাহলে হয়তো এমনটাই করতাম। আমি চাই, উনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন। তাকে ওমরাহ পালনে পাঠাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।











































