Home আঞ্চলিক যুবদল নেতা মাহবুবুর হত্যা: হত্যা মিশনের সদস্যদের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২

যুবদল নেতা মাহবুবুর হত্যা: হত্যা মিশনের সদস্যদের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২

90


সটাফ রিপোর্টার
দৌলতপুর থানা যুবদলের সাবেক নেতা মাহাবুবুর রহমান মোল্লাকে হত্যার সময় আশপাশের সিসিটিভি ফুটেজে বেরিয়ে আসছে কয়েকজন। পুলিশ তাদের শনাক্তে এখন মাঠে নেমেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সিসি ক্যামেরার সেই ছবি। স্থানীয়রা ওই ছবি দেখে চরমপন্থি নেতা হুমার সহযোগীরা এই হত্যায় অংশ নেন বলে সনাক্ত করেছেন। যার মধ্যে আসিফ, রায়হান, ইমনের নাম উঠে এসেছে। আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, হত্যা মিশনে অংশ নেওয়া ঘাতকদের নিরাপত্তা দিতে আশপাশে আরও কয়েকটি টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার আরও এক আসামি মো. আলাউদ্দিন (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আলাউদ্দিন ওই এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। এ মামলার অপর আসামি মো. সজলকে দু’দিনের রিমাণ্ড শেষে আদালতে হাজির করা হবে আজ। মাহবুব হত্যা মামলায় এ নিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাহবুবুর হত্যা মামলার তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানাগেছে, মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় একটি বাড়ি দখলের ঘটনা নিয়ে মাহাবুব ও তাঁর এক বন্ধু জাকিরের বাড়িতে গিয়ে হুমকি দেন হত্যামিশনের সাথে জড়িতরা। এছাড়া আরেক চরমপন্থি সদস্য আরমানের সঙ্গে আধিপত্য বিস্তার, মাদক কাণ্ডে গত অক্টোবরে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনায় হুমা অনুসারীদের সঙ্গে মাহাবুবুরের দ্বন্দ্ব চলছিল। ওই সময়ে আসিফ, রায়হান, ইমনসহ কয়েকজন অস্ত্র মামলায় আট মাস কারাগারে ভোগ করে। গত জুনের শেষ দিকে জামিনে মুক্ত হন। ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে এলাকাবাসী কয়েকজনকে চিহ্নিতও করছে। যাদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।
১১ জুলাই দুপুরে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার নিজ বাড়ির সামনে মাহাবুবুরকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। মৃত্যু নিশ্চিত করতে তাঁর পায়ের রগ কেটে দেওয়া হয়। হত্যার আগে মাহাবুব ও স্থানীয় এক যুবক প্রাইভেটকার পরিষ্কার করছিলেন।
প্রত্যক্ষদর্শী যুবক জানান, মোটরসাইকেলে আসা তিন যুবক প্রাইভেটকারের সামনে দাঁড়ায়। শুধু একজনের মাথায় হেলমেট ছিল। সন্ত্রাসীরা মাহাবুবুরকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি পালিয়ে যান। হত্যা শেষে ওই মোটরসাইকেলে করেই তারা চলে যায়। ওই সড়কের দু’পাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের মাধ্যমে ফুটেজের কিছু ছবি ছড়িয়ে পড়ে সোশাল মাধ্যমে। এতে মোটরসাইকেলে থাকা তিন যুবককে চিহ্নিত করেন অনেকে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলের মাঝে বসা যুবকের নাম আসিফ। চালক ছিলেন রায়হান। দুটি ফুটেজে বাইকের পেছনে ভিন্ন দুই যুবককে দেখা গেছে। এতে মনে হচ্ছে কিলিং মিশনে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তারা ঘটনাস্থলের আশেপাশে ছিলেন। রায়হান, আসিফ ও ইমনের বাড়ি মহেশ্বরপাড়া পশ্চিমপাড়ায়। আট মাস জেল খেটে গত মাসে তারা জামিন পান। ছাড়া পেলেও বাড়িতে থাকতেন না। একাধিক হত্যা মামলায় নাম থাকায় আটকের আগে থেকেই তারা ফেরারি জীবন কাটাচ্ছেন।
স্থানীয়দের অভিমত, আধিপত্য বিস্তার নিয়ে চরমপন্থি হুমা ও উঠতি কিছু সন্ত্রাসীদের সঙ্গে মাহাবুবুরের দুরত্ব তৈরি হয়। দীর্ঘদিন মাহাবুবের কিছু প্রতিবাদী পদক্ষেপে তারা ক্ষিপ্ত হয়েই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এছাড়া কুয়েটের একটি ঘটনাও আইন-শৃঙ্খলাবাহিনী ও প্রতিবেশীরা ছোট করে দেখছেন না। তবে পুলিশ সব বিষয়গুলো আমলে নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন কেএমপির ডেপুটি কমিশনার তাজুল ইসলাম জানান।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) তাজুল ইসলাম জানান, মাহাবুবকে হত্যার সময় সজল খুব কাছাকাছি থেকে দুর্বৃত্তদের তথ্য দিয়েছেন। তাঁর তথ্যের ভিত্তিতেই দুপুরে ফাঁকা রাস্তায় দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
কেএমপির মিডিয়া সেলের সহকারী কমিশনার খন্দকার হোসেন আহম্মদ জানান, ৯ অক্টোবর বাগেরহাটের রামপালে অস্ত্রসহ হুমায়ুন কবির হুমা, রায়হান ইসলাম, আসিফ মোল্লা ও ইমন হাওলাদার নামে চারজনকে আটক করা হয়। স্থানীয় চরমপন্থি নেতা বড় শাহীনকে হত্যার উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিলেন বলে পুলিশের ধারণা। আটকের পেছনে আরেক সন্ত্রাসী আরমানের ভূমিকা ছিল। আরমান সম্পর্কে মাহাবুবুরের খালাতো ভাই।
দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, খুনের কারণ হিসেবে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে। সবকিছু আমরা যাচাই করে দেখছি। সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। দ্রুতই তারা গ্রেপ্তার হবে।
এদিকে মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে পশ্চিম মহেশ্বরপাশা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৪ জুলাই) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার ইন্সেপেক্টর মীর আতাহার আলী আসামি মো. আলাউদ্দিন (২২) কে আদালতে হাজির করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মো. ফরিদুজ্জামান তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। আলাউদ্দিন ওই এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। এ মামলার অপর আসামি মো. সজলকে দু’দিনের রিমাণ্ড শেষে আদালতে হাজির করা হবে আজ। মাহবুব হত্যা মামলায় এ নিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আলাউদ্দিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার ইন্সেপেক্টর মীর আতাহার আলী বলেন, রবিবার রাতে মহেশ্বরপাশা এবং তেলীগাতি সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সজলের দেয়া তথ্য মতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকান্ডের দিন সজল এবং আলাউদ্দিন একই স্থানে অবস্থান করছিল। তাদের কাজ ছিল খুনীদের তথ্য সরবরাহ করা। তাদের তথ্যের ভিত্তিতে খুনীরা যুবদলের সাবেক নেতা মাহবুব মোল্লাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। তাদের ছোড়া দু’টি গুলি মাহবুবের মাথা এবং মুখের ডান পাশে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যু নিশ্চিত করার জন্য দু’পায়ের রগ কেটে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
মামলার বিবরণে জানা যায়, ১১ জুলাই (শুক্রবার) দুপুর দেড়টার দিকে পশ্চিম মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা এবং যুবদলের দৌলতপুর থানার সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লা নিজের বাড়ির সামনে প্রাইভেটকার পরিস্কার করছিলেন। এ সময়ে একটি মোটরসাইকেলযোগে আসা তিনজন দুর্বৃত্ত মাহবুবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করি। ৯টি গুলি মাহাবুবের শরীরে বিদ্ধ হয়। মৃত্যু নিশ্চিত করার জন্য তার দু’পায়ের রগ কেটে দেয় ওই দুর্বৃত্তরা। ঘটনার একদিন পর নিহতের বাবা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন যার নং- ১২।