স্পোর্টস ডেস্ক।।
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ নারী হকিতে এবারই প্রথমবার অংশ নিয়েছে বাংলাদেশ । প্রথমবারেই তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে লাল সবুজের মেয়েরা। চীনের দাজহুতে গতকাল কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে পদক হাতছাড়া করেছে পুরুষ হকি দল।
বাংলাদেশের মেয়েদের ব্রোঞ্জ পদক জেতার ম্যাচে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন আইরিক আক্তার। গত শুক্রবার এই কাজাখস্তানের সঙ্গেই ২-২ গোলে ড্র করে বাংলাদেশ। যদিও ম্যাচে আগে পিছিয়ে পড়ে বাংলাদেশ। নবম মিনিটে সমতা ফেরান আইরিন। ১৮ থেকে ২০ মিনিটের মধ্যে সম্পন্ন করেন হ্যাটট্রিক। ৩৫তম মিনিটে চতুর্থ গোল করেন শারিকা রিমন। বাকি দুটি গোল করেন কনা আক্তার ও রিয়াশা রিশি। ৫৯তম মিনিটে এক গোল শোধ দেয় কাজাখস্তান। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল গোল দিয়েছে ১৪টি আর হজম করেছে ২৪টি। দলের হয়ে সর্বোচ্চ ৫ গোল আইরিনের। অবশ্য প্রথমবারের মতো এই মহাদেশীয় প্রতিযোগিতায় লাল সবুজের মেয়েদের শুরুটা ছিল একদমই হতশ্রী। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা জাপানের কাছে হেরে যায় ১১-০ গোলে। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৩-০ গোলে জয় তুলে নেয় উজবেকিস্তানের বিপক্ষে। একই স্কোরলাইনে হংকংকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ। পুল পর্বে রানার্সআপ হওয়া বাংলাদেশ ফাইনালে ওঠার টপ-ফোর পুল পর্বে শুরুতে চীনের বিপক্ষে ৯-০ গোলে হারে। আর গত শুক্রবারের এই পুলে নিজেদের শেষ ম্যাচে কাজাখস্তানের সঙ্গে ২-২ গোলের ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় মেয়েরা। সমান পয়েন্ট নিয়ে এই পর্বে চতুর্থ হয় কাজাখস্তান। এ কারণে তৃতীয় স্থানের লড়াইয়ে ফের মাঠে নামে বাংলাদেশ ও কাজাখস্তান। অন্যদিকে, ছেলদের ম্যাচে তৃতীয় কোয়ার্টার পর্যন্তও ২-২ গোলে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ। এরপর একপ্রকার অসহায় আত্মসমর্পণে তিন গোল হজম করে দল। ৫-২ গোলে হেরে টুর্নামেন্টে চতুর্থ হয়েছে মওদুদুর রহমান শুভর দল। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের দুই বিভাগেরই ফাইনাল নিশ্চিত করেছে জাপান। মেয়েদের বিভাগে শিরোপার লড়াইয়ে জাপানিজদের প্রতিপক্ষ চীন। আর ছেলেদের বিভাগের ফাইনালে তাদের বিপক্ষে খেলবে পাকিস্তান।











































