খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার ৪টি ইউনিয়নের পানিবন্দী মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি ও পানি নিষ্কাশনের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগি পানিবন্দী সহস্্রাধিক মানুষ উক্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।
ভুক্তভোগী এলাকাবাসী নাহিদ হাসানের সভাপতিত্বে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইলিয়াস হোসেন, সোহাগ খান, আব্দুর রাজ্জাক ও বিকাশ দাস প্রমুখ।

বক্তারা বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে প্রাণ সায়ের খাল খননের অনেক আগেই খালে বেঁড়িবাধ দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়ায় সাতক্ষীরা সদর উপজেলার ৪টি ইউনিয়ন লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাঁড়ি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত কয়েকদিনের টানা বর্ষনে পানিতে নিমজ্জিত হয়েছে বাড়ি-ঘর, ফসলি জমি, মৎস্য ঘের ও পুকুর। গবাদি পশু ও হাঁস-মুরগী রাখার জায়গা টুকু পর্যন্ত নেই। পানিতে তলিয়ে গেছে পাকা রাস্তাও। জলাবদ্ধতায় মানবেতর জীবন যাপন করছেন ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বক্তারা বলেন, শুকনা মৌসুমের আগেই প্রাণ সায়ের খাল খননের টেন্ডার হলেও তখন খাল খনন করা হয়নি। বক্তারা এ সময় অনতিবিলম্বে সাতক্ষীরা প্রাণ সায়ের খালের উপর দেওয়া বাঁধ কেটে পানি নিষ্কাশন করার জোর দাবী জানান।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে তারা জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করেন।











































