ঢাকা অফিস।।
রাজধানীর বংশালের পাকিস্তান মাঠ এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- রিমঝিম (১৬), মেহেদী হাসান (২৫), সাগর (২৫), ইকবাল (৩৩), নয়ন (২৯) ও অপূর্ব (১৮)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বংশাল থেকে দগ্ধ অবস্থায় ৬ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
এদের মধ্যে সাগরের শরীরের ১১ শতাংশ, নয়নের সাত শতাংশ, ইকবালের দুই শতাংশ, মেহেদীর শরীরের এক শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া, অপূর্বর এক শতাংশ ফেস বার্ন ও রিমঝিমের বার্ন ইনজুরি রয়েছে।
তিনি আরো বলেন, দগ্ধদের মধ্যে সাগরকে ভর্তি দেওয়া হয়েছে। বাকিদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।









































