Home খেলাধুলা শাহরুখকে ‘বড় ভাই’ সম্বোধন করে ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ যা বললেন

শাহরুখকে ‘বড় ভাই’ সম্বোধন করে ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ যা বললেন

15


স্পোর্টস ডেস্ক।।

দরজায় কড়া নাড়ছে আইপিএলের ১৮তম আসর। আগামী ২২ মার্চ উদ্বোধনী দিনেই ইডেন গার্ডেনে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শ্রেয়াস আইয়ার পাঞ্জাব কিংসে চলে যাওয়ায় চ্যাম্পিয়ন কলকাতাকে এবার নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন ২৩ কোটি ৭৫ লক্ষ রুপি দামের ভেঙ্কটেশ আইয়ার। নিলামে ভেঙ্কটেশকে কিনতে এই বেঙ্গালুরু সঙ্গেই রীতিমতো যুদ্ধে নেমেছিল কলকাতা।


সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে নিজের এত দাম নিয়ে কথা বলতে হলো ভেঙ্কটেশকে। এত টাকা দিয়ে কেনায় তার ওপর বাড়তি চাপ পড়বে কি না সেটাও জানালেন। এ সময় বলিউড অভিনেতা ও কলকাতার যৌথ মালিক শাহরুখ খানকে তিনি সম্বোধন করলেন বড় ভাই হিসেবে।

শাহরুখের ব্যাপারে ভেঙ্কটেশের মন্তব্য, ‘তিনি একজন ফ্র্যাঞ্চাইজি মালিকের চেয়েও বেশি কিছু, সব সময় বড় ভাইয়ের মতো। সবসময় তিনি মনে করাবেন, যা-ই হোক তিনি (শাহরুখ) আমার পাশে আছে। কোনো ফ্র্যাঞ্চাইজি মালিকের এত বন্ধুবৎসল ও বিনয়ী হওয়ার প্রয়োজন পড়ে না, বিশেষ করে তার মতো এমন বৈশ্বিক তারকার ক্ষেত্রে। আপনার মনে হবে, ‘‘না, এই লোকটার জন্য আমি কিছু করতে চাই। আমি শাহরুখ ভাইয়ের জন্য বিশেষ কিছু করতে চাই।’’’

নিলামে নিজের মূল্য অনেক বেশি থাকায় চাপের কথা স্বীকার করে নিলেন ভেঙ্কটেশ, ‘২০২৫ সালের আইপিএল নিলাম ছিল জীবন বদলে দেওয়ার মতো। টাকার জন্য আমার মতো মধ্যবিত্ত ছেলে খুব খুশি ছিল। আমি মিথ্যা বলব না। যদিও, যখন কলকাতা ও আরসিবির মধ্যে নিলামে দাম হাঁকাহাঁকি চলছিল, এটা আমার মধ্যে মিশ্র অনুভূতি এনে দিয়েছিল। একটা হচ্ছে, ক্যারিয়ারে আমি ভালো কিছু করেছি দেখেই হয়তো দলগুলো আমার পেছনে টাকা ঢালছে। আরেকটি ব্যাপার হচ্ছে, এটা আমাকে অনেক দায়িত্বের মধ্যেও ঠেলে দিচ্ছে। যদি বলি কোনো চাপ নেই, তাহলে মিথ্যা বলা হবে। অবশ্যই চাপ আছে। কিন্তু যখন ম্যাচ শুরু হয়ে যাবে, এগুলো কোনো কিছুই পার্থক্য সৃষ্টি করে না। আমি ২০ লাখ বা ২০ কোটির খেলোয়াড় হই, আমার কাজ একই।’

২০২১ সালে কলকাতার হয়ে আইপিএল অভিষেকে ১০ ম্যাচে ৪১.১১ গড়ে ৩৭০ রান করেছিলেন ভেঙ্কটেশ। মিডিয়াম পেসে একইসঙ্গে ৩টি উইকেটও নিয়েছিলেন তিনি। পরে ভারতের দলেও সুযোগ হয় তার। সেখানে ৭টি ইনিংসে ৩৩.২৫ গড় ও ১৬২ স্ট্রাইকরেটে ১৩৩ রান করেছেন তিনি। এই সময়ে ৫টি উইকেটও শিকার করেছেন তিনি। নিজের খেলা ২টি ওয়ানডেতে ২৪ রান করেছেন ভেঙ্কটেশ। যদিও ২০২২ সালের ফেব্রুয়ারির পর ভারতের জার্সি আর গায়ে চাপানো হয়নি এই ক্রিকেটারের।

২০২৪ সালের আইপিএল জয়ের পথে ১৩ ইনিংসে ৩৭০ রান করেন ভেঙ্কটেশ। ৪৬.২৫ গড় ও ১৫৮.৭৯ স্ট্রাইরকেটে এই রান করেন তিনি।