Home খেলাধুলা ইংল্যান্ড হারলে বাড়তি ৩ কোটি টাকা পাবে বাংলাদেশ

ইংল্যান্ড হারলে বাড়তি ৩ কোটি টাকা পাবে বাংলাদেশ

9


স্পোর্টস ডেস্ক


গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। আজ শনিবার ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলবে জস বাটলারের দল। যদিও প্রোটিয়াদের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

‘এ’ গ্রুপে বাংলাদেশও কোনো ম্যাচ না জিতে বিদায় নিয়েছে। তবে আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চোখ থাকবে বাংলাদেশেরও। কারণটা কোনো সমীকরণ নয়, এই ম্যাচে ইংল্যান্ড হেরে গেলে বাংলাদেশ কিছু বাড়তি টাকা পাবে।

চ্যাম্পিয়নস ট্রফিতে সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে। এ ছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা) করে। ফলে বাংলাদেশ দলের কোষাগারে প্রায় ৩ কোটি টাকা এরই মধ্যে চলে এসেছে।

দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড যদি আজ হেরে যায়, তাহলে শূন্য পয়েন্ট নিয়েই ফিরতে হবে তাদের। পাকিস্তানের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশ এক পয়েন্ট পেয়েছে, স্বাগতিকদের পয়েন্ট সমান হলেও নাজমুল হোসেনদের চেয়ে রান রেটে পিছিয়ে আছে তারা।

এদিকে পুরো টুর্নামেন্ট মিলিয়ে বাংলাদেশ আছে সপ্তম স্থানে। ইংল্যান্ড হেরে গেলে বাংলাদেশ এক ধাপ এগিয়ে হবে ষষ্ঠ। তখন প্রাইজমানি হিসেবে বাংলাদেশ পাবে ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা। অর্থাৎ আগের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি পাবে বাংলাদেশ। দেশে ফিরে এলেও তাই নাজমুলরা মনে মনে ইংল্যান্ডের হার চাইতেই পারেন।