স্পোর্টস ডেস্ক।।
বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার রন ড্রেপার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৮ বছর ৬৫ দিন। গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার কেবেরহায় নিজের বাড়িতেই তার মৃত্যু হয়।
রন ক্যারিয়ারে টপ অর্ডার ব্যাটার ও অল্প সময়ের জন্য উইকেটরক্ষক ছিলেন। তিনি ১৯৫০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলেছিলেন। তার পরে আর সুযোগ পাননি। সেই সিরিজে অস্ট্রেলিয়া দলে থাকা নীল হার্ভেই এখন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার হলেন। তার বয়স ৯৬ বছর।
এর আগে প্রবীণতম টেস্ট ক্রিকেটারদের দু’জনই ছিলেন দক্ষিণ আফ্রিকার। ২০১৬ সালে ১০৩ বছর বয়সে মারা যান নর্মান গর্ডন। ২০২১ সালে ৯৮ বছর বয়সে মারা যান জন ওয়াটকিন্স। রনও ওয়াটকিন্সের মতো শতায়ু হতে পারলেন না।
রনের ১৯২৬-এর ২৪ ডিসেম্বর জন্ম। ১৯তম জন্মদিনে ইস্টার্ন প্রভিন্সের হয়ে অরেঞ্জ ফ্রি স্টেটের বিপক্ষে শতরান করেছিলেন। ১৯৪৯-৫০ মৌসুমে সফরকারী অস্ট্রেলিয়ান্স দলের বিপক্ষে ৮৬ রান করার পর সিনিয়র দলে সুযোগ পান। তবে তিনটি ইনিংসে মাত্র ২৫ রান করেছিলেন। অন্য দিকে, হার্ভে দু’টি ম্যাচেই শতরান করেছিলেন।
জাতীয় দলে ডাক না পেলেও রন ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন ১৯৫৯-৬০ মৌসুম পর্যন্ত। ৪১.৬৪ গড় নিয়ে অবসর নেন।











































