Home খেলাধুলা কোহলির সামনে ৭ রেকর্ডের হাতছানি

কোহলির সামনে ৭ রেকর্ডের হাতছানি

9


স্পোর্টস ডেস্ক।।

চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। এবার নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার পালা। যেখানে কিউই ম্যাচে ৭টি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে কোহলির। তবে তার জন্য খেলতে হবে একটি বড় রানের ইনিংস।

ওয়ানডে ক্রিকেটে ৩০০তম ম্যাচ খেলতে নামবেন কোহলি। সেই ম্যাচে কোন কোন রেকর্ড ভাঙতে পারেন কোহলি?

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান

শিখর ধাওয়ানের রেকর্ড ভাঙতে পারেন কোহলি। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন বাঁহাতি ওপেনার। ১০ ম্যাচে ৭০১ রান করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে সৌরভ গাঙ্গুলী। ১৩ ম্যাচে তিনি করেছিলেন ৬৬৫ রান। কোহলি ১৫ ম্যাচে করেছেন ৬৫১ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ রান করলেই টপকে যাবেন সৌরভকে। তবে ৫১ রান করলে ভেঙে দিতে পারেন ধাওয়ানের রেকর্ড।

চ্যম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বেশি রান

চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি এখন ক্রিস গেইলের। ১৭ ম্যাচে ৭৯১ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার। দ্বিতীয় স্থানে রয়েছেন মাহেলা জয়াবর্ধনে (৭৪২)। কোহলি এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। তবে গেলের চেয়ে ১৪১ রানে পিছিয়ে রয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪২ রান করতে পারলে কোহলি চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যাবেন। যদিও এই রেকর্ড ভাঙার জন্য তিনি অন্তত আরও একটি ম্যাচ পাবেন। কারণ, সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ভারত।

নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রান (ওয়ানডে ক্রিকেটে)

এক দিনের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি রয়েছে শচীন টেন্ডুলকারের। তিনি ৪২ ম্যাচে ১৭৫০ রান করেছিলেন। খুব পিছিয়ে নেই কোহলি। তিনি ৩১ ম্যাচে ১৬৪৫ রান করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৬ রান করতে পারলেই ভেঙে যাবে শচীনের রেকর্ড। সব দেশ মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি রিকি পন্টিংয়ের। তিনি ৫১ ম্যাচে ১৯৭১ রান করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে হলে কোহলির প্রয়োজন আরও ৩২৬ রান।

নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি (ওয়ানডে ক্রিকেটে)

নিউজিল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলি ৬টি শতরান করেছেন। একই সংখ্যক শতরান করেছেন বীরেন্দ্র শেবাগ এবং রিকি পন্টিং। তারা তিন জনই নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি শতরান করার তালিকায় শীর্ষে রয়েছেন। কোহলি রবিবার শতরান করলে একক ভাবে সবচেয়ে শতরান করার রেকর্ডটি গড়বেন।

আইসিসি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি অর্ধশতরান

চ্যাম্পিয়নস ট্রফিতে কোহলি পাঁচটি অর্ধশতরান এবং একটি শতরান করেছেন। আইসিসি প্রতিযোগিতায় কোহলির অর্ধশতরান বা তার বেশি রানের সংখ্যা ২৩, যা শচীনের সমান। কোহলি রবিবার অর্ধশতরান করলে এককভাবে আইসিসি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি অর্ধশতরান বা তার বেশি রান করার রেকর্ড গড়বেন। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্ধশতরান বা তার বেশি করার রেকর্ডটি এখন ধাওয়ান, সৌরভ, কোহলি এবং রাহুল দ্রাবিড়ের নামে। প্রত্যেকেই ছ’টি করে অর্ধশতরান বা তার বেশি রান করেছেন। একক ভাবে সেই রেকর্ড গড়ার মুখে কোহলি। প্রয়োজন একটি অর্ধশতরানের।

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান

এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি শচীনের। তিনি ৪৬৩ ম্যাচে ১৮,৪২৬ রান করেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কুমার সাঙ্গকারা। তিনি ৪০৪ ম্যাচে ১৪,২৩৪ রান করেছিলেন। তিন নম্বরে রয়েছেন কোহলি। তিনি ২৯৯ ম্যাচে ১৪০৮৫ রান করেছেন। রবিবার কোহলি ১৫০ রান করলে টপকে যাবেন সঙ্গকারাকে। সচিনের রেকর্ড ভাঙতে না পারলেও কোহলি দ্বিতীয় স্থানে উঠে আসতেই পারেন।

শুধু ব্যাটার নয়, ফিল্ডার হিসাবেও রেকর্ড গড়তে পারেন কোহলি। এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার (উইকেটরক্ষক বাদ দিয়ে) রেকর্ডটি জয়াবর্ধনের। তিনি ৪৪৮ ম্যাচে ২১৮টি ক্যাচ নিয়েছেন। ৩৭৫ ম্যাচে ১৬০টি ক্যাচ ধরে দ্বিতীয় স্থানে পন্টিং। কোহলি রয়েছেন তৃতীয় স্থানে। তিনি ১৫৮টি ক্যাচ ধরেছেন ২৯৯ ম্যাচে। রবিবার তিনটি ক্যাচ ধরতে পারলে কোহলি টপকে যেতে পারেন পন্টিংকে।