স্পোর্টস ডেস্ক।।
প্রায় দেড় বছর পর ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন নেইমার। যদিও কোচ দরিভাল জুনিয়র প্রাথমিক দলের ঘোষণা দিয়েছেন। স্কোয়াডে ৫২ ফুটবলারকে ডাকা হয়েছে।
এই ৫২ জনের মধ্য থেকে ২৩ জন চূড়ান্ত তালিকায় থাকবেন ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য। আগামী ২১ মার্চ কলম্বিয়া এবং ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে সেলেসাওরা।
সম্প্রতি নেইমার জাতীয় দলের হয়ে আসন্ন ম্যাচ দুটিতে খেলার প্রত্যাশার কথা জানিয়েছিলেন। যদিও তিনি দলে আসার ভারটা কোচের ওপরই ছেড়ে দিয়েছিলেন।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় এসিএলের ইনজুরিতে পড়েন নেইমার। যার কারণে তাকে পরের বছর অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে কাটাতে হয়েছে।
পুনরায় নেইমার মাঠে ফেরেন ২০২৪ সালের অক্টোবরে, সৌদি ক্লাব আল-হিলালের হয়ে তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-আইনের বিপক্ষে লম্বা সময় পর ম্যাচ খেলেন। এরপর আবারও চোটের অস্বস্তিতে একাধিক ম্যাচে ছিলেন মাঠের বাইরে। এমন পরিস্থিতিতে তাকে আর রাখতে চায়নি আল-হিলাল, নেইমার নিজেও সান্তোসে ফিরতে মুখিয়ে ছিলেন। ফলে জানুয়ারির শীতকালীন উইন্ডোতেই তিনি বড় অঙ্কের আর্থিক সুবিধা ফেলে প্রত্যাবর্তন করেন শৈশবের ঠিকানায়।
এদিকে ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। লাতিন অঞ্চল থেকে শীর্ষ ছয়টি দল বিশ্বকাপের টিকিট কাটবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে-অফ। ব্রাজিল হয়তো শীর্ষ ছয়ে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে পারবে, তবে সেটি সর্বোচ্চ বারের চ্যাম্পিয়নদের ক্ষেত্রে ঠিক মানানসই নয়।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ব্রাজিলের অবস্থান পাঁচে। যথাক্রমে শীর্ষ চারে আছে– আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর ও কলম্বিয়া।











































