স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ান ক্রিকেটের ‘হল অব ফেম’-এ জায়গা পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ৬৪তম ক্রিকেটার হিসেবে এই খ্যাতি অর্জন করেন ক্লার্ক। কমপক্ষে ৫ বছর আগে অবসর নিয়েছেন ও অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য অনেক অবদান রেখেছেন, এমন ক্রিকেটারদের এই সম্মানে ভূষিত করা হয়।
১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ান ক্রিকেটে অনেক অবদান রেখেছেন ক্লার্ক। দলটির হয়ে ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন ৪৩ বছর বয়সী এই তারকা। তিন সংস্করণে ১৭ হাজারের ওপর রান আছে তার।
অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে ৪৭ টেস্ট খেলেছেন ক্লার্ক। এর মধ্যে ২০১৩-১৪ সালের অ্যাশেজে ৫-০ ব্যবধানের সিরিজ জয় সবচেয়ে উল্লেখযোগ্য। তার নেতৃত্বেই ২০১৫ সালে রেকর্ড পঞ্চমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে অস্ট্রেলিয়া। তার কিছুদিন পরই অবসর নেন ক্লার্ক।
অস্ট্রেলিয়ার হয়ে ২৮টি টেস্ট সেঞ্চুরি আছে ক্লার্কের। যা দেশের হয়ে ষষ্ঠ সর্বোচ্চ। এর মধ্যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে অপরাজিত ৩২৯ রানের ইনিংসও আছে। বেঙ্গালুরুতে অভিষেক টেস্টেই ১৫১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়া কেপটাউনে ১৫১ ও ফিলিপ হিউজের মৃত্যুর পরপর অ্যাডিলেড ১২৮ রানের টেস্ট ইনিংস ক্লার্কের ক্যারিয়ারের উল্লেখযোগ্য ঘটনা।
‘হল অব ফেম’-এ জায়গা পেয়ে ক্লার্ক বলেন, ‘দুর্দান্ত সব খেলোয়াড়, শৈশবে যাদের রোল মডেল হিসেবে দেখেছি তাদের নামের পাশে নিজের নাম দেখতে পেরে আমি গর্বিত।’











































