স্পোর্টস ডেস্ক
স্টুয়ার্ট ব্রডের এক ওভারে যুবরাজ সিংয়ের ছয় ছক্কা, ১২ বলে ফিফটি; ক্রিকেট সম্পর্কে টুকটাক ধারণা রাখেন, এমন ব্যক্তিরও সেই ঘটনা জানা। এই যুবরাজের মেন্টরশিপেই ক্রিকেটবিশ্বে নিজেকে মেলে ধরেছেন ভারতের তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা। এবার ইংল্যান্ডের বিপক্ষে জাত চেনালেন তিনিও।
গতকাল বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় ভারত। ইংলিশদের দেওয়া ১৩৩ রানের লক্ষ্য ১২ ওভার ৫ বল খেলেই পেরিয়ে যায় সূর্যকুমার যাদবের দল। ম্যাচে ৩৪ বলে ৭৯ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন অভিষেক। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন সাঞ্জু স্যামসন (২০ বলে ২৬) ও তিলক ভার্মা (১৬ বলে ১৯)।
৭৯ রান করার পথে অভিষেক ছক্কাই হাঁকান ৮টি। টি-টোয়েন্টিতে রান তাড়া করতে নেমে এত বেশি ছক্কার রেকর্ড নেই অন্য কোনো খেলোয়াড়ের। ইংলিশ বোলারদের মধ্যে আদিল রশিদের বলে সর্বোচ্চ ৩টি, মার্ক উডের বলে ২টি ও জোফরা আর্চার, জেমি ওভারটন এবং গাস অ্যাটকিনসনের বলে একটি করে ছক্কা হাঁকান অভিষেক।
টি-টোয়েন্টিতে রান অতিক্রম করার সময় এর আগে ইনিংসে সর্বোচ্চ ৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল কয়েকজন ভারতীয় ক্রিকেটারের। এর মধ্যে রোহিত শর্মা দুইবার এবং সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, তিলক ভার্মা, যশস্বী জয়সোয়াল ও অক্ষর প্যাটেল একবার করে ৬টি ছক্কা হাঁকান।
পুরো ক্রিকেটবিশ্ব হিসাব করলে, রান অতিক্রম করতে গিয়ে সর্বোচ্চ ১৮টি ছক্কার রেকর্ড আছে এস্তানিয়ার সাহিল চৌহানের। আইসিসির পূর্ণ সদস্য দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি সর্বোচ্চ ১৩টি ছক্কা মারেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিলেন তিনি।
যুবরাজের মতোই বাঁহাতি ক্রিকেটার অভিষেক এদিন ফিফটি স্পর্শ করেন মাত্র ২০ বলে। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে যেটি দ্রুততম হাফ সেঞ্চুরি। এখনো সবচেয়ে দ্রুততম ডারবানে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজের সেই ১২ বলে ফিফটিই। ২০১৮ সালে ম্যানচেস্টারে লোকেশ রাহুলের ২৭ বলে ফিফটি তৃতীয় দ্রুততম।











































