স্পোর্টস ডেস্ক
দুই গোলে এগিয়ে থেকে নিশ্চিত জয়ের আশায় ছিল আর্সেনাল। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আট মিনিটে গোল দুটি শোধ করে দেয় অ্যাস্টন ভিলা। আর এতেই পয়েন্ট হারাতে হয় মিকেল আর্তেতার শিষ্যদের।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। গাব্রিয়েল মার্তিনেল্লি ও কাই হাভার্টজের গোলে পিছিয়ে পড়ার পর ব্যবধান কমান ইউরি টিয়েলেমান্স। এরপর ওলি ওয়াটকিন্সের গোলে একটি পয়েন্ট আদায় করে নেয় ভিলা।
আর্সেনাল ৩৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায়। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে লিয়ান্দ্রো ট্রোসার্ডের বাড়ানো পাস গোলমুখে পেয়ে শট নেন মার্তিনেল্লি, দ্বিতীয় প্রচেষ্টায় বল ফিরিয়ে দিয়েছিলেন গোলরক্ষক; কিন্তু ততক্ষণে বল পেরিয়ে গেছে গোললাইন।
এরপর দ্বিতীয়ার্ধের দশম মিনিটে কাই হাভার্টজের নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ হয়। ট্রোসার্ডের ক্রস ছয় গজ বক্সে পেয়ে ভলিতে গোলটি করেন জার্মান মিডফিল্ডার।
কিন্তু এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ভিলা। তাদের লড়াকু ফুটবলের সামনে দ্রুতই আর্সেনালের দুই গোলের ব্যবধান ঘুচে যায়। ৬০তম মিনিটে লুকাস দিনিয়ের ক্রসে ছুটে গিয়ে ডাইভিং হেডে ব্যবধান কমান টিয়েলেমান্স। পরের মিনিটে সমতায়ও ফিরতে পারত তারা; কিন্তু এই বেলজিয়ান মিডফিল্ডারের শট পোস্টে বাধা পায়।
তবে অপেক্ষা দীর্ঘ হয়নি দলটির। ৬৮তম মিনিটে পোলিশ রাইট-ব্যাক ম্যাটি ক্যাশের ক্রস পেয়ে দারুণ ভলিতে স্কোরলাইন ২-২ করেন ইংলিশ ফরোয়ার্ড ওয়াটকিন্স।
লিগে তিন ম্যাচের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার পয়েন্ট হারাল আর্সেনাল। তাতে শিরোপা দৌড়েও বড় একটা ধাক্কা খেল দলটি। ২২ ম্যাচে ১২ জয় ও আট ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।
দিনের আগের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারানো লিভারপুল ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
দারুণ প্রত্যাবর্তনে হার এড়ানো অ্যাস্টন ভিলা ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।











































