Home খেলাধুলা নুনেসের শেষের জোড়া গোলে লিভারপুলের রোমাঞ্চকর জয়

নুনেসের শেষের জোড়া গোলে লিভারপুলের রোমাঞ্চকর জয়

25


স্পোর্টস ডেস্ক

একের পর এক আক্রমণে ব্রেন্টফোর্ডকে দিশেহারা করল লিভারপুল। কিন্তু শত চেষ্টায়ও মিলছিল না কাঙ্ক্ষিত গোল। অবশেষে শেষ সময়ে গিয়ে ডেডলক ভাঙলেন বদলি নামা দারউইন নুনেস। তার জোড়া গোলেই ২-০ ব্যবধানে জিতেছে আর্না স্লটের শিষ্যরা।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে লিগে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল।

এদিন পুরো ম্যাচে কতটা দাপুটে ফুটবল খেলেছে লিভারপুল, তা পরিসংখ্যানে স্পষ্ট। ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ৩৭টি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে তারা, কর্নার পায় ১৫টি। যেখানে ব্রেন্টফোর্ডের ১১ শটের ছয়টি লক্ষ্যে ছিল।

ম্যাচের ৬৫তম মিনিটে লুইস দিয়াসকে বসিয়ে নুনেসকে নামান লিভারপুল কোচ। আস্থার প্রতিদান দিয়ে শেষ পর্যন্ত তিনিই হয়ে ওঠেন নায়ক।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের প্রথম পাস রক্ষণে প্রতিহত হয়। দ্বিতীয় প্রচেষ্টায় নুনেসকে খুঁজে নেন তিনি এবং বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে দলকে উচ্ছ্বাসে ভাসান উরুগুয়ের ফরোয়ার্ড।

এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে এক মিনিট পর শাণানো পরের আক্রমণেই সব অনিশ্চয়তার ইতি টেনে দেন নুনেস। বক্সে হার্ভি এলিয়টের পাস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে জয় নিশ্চিত করেন তিনি।

২১ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ২৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ব্রেন্টফোর্ড।