স্পোর্টস ডেস্ক
ভলফসবুর্কের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এ জয়ে বুন্ডেসলিগায় শীর্ষস্থান আরও মজবুত করল ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।
শনিবার ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন লেয়ন গোরেটস্কা, আরেকটি ওলিসে। আর ভলফসবুর্কের দুটি গোলই করেছেন মোহামেদ আমোরা।
এদিন ম্যাচের ২০তম মিনিটে বায়ার্নকে উল্লাসে মাতান গোরেটস্কা। সতীর্থ পাস পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার।
তবে সমতা ফেরাতে একদমই দেরি করেনি ভলফসবুর্ক। ২৪তম মিনিটে ফ্রি কিক থেকে সতীর্থের পাসে বক্সে বল পেয়ে যান আমোরা। ঠাণ্ডা মাথার নিখুঁত শটে মানুয়েল নয়ারকে পরাস্ত করে আলজেরিয়ান স্ট্রাইকার খুঁজে নেন ঠিকানা।
বায়ার্ন কিছুক্ষণ পর ফের এগিয়ে যায়। ৩৯তম মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন ওলিসে। গোলরক্ষকের হাতে লেগেও জালে জড়ায় বল।
বিরতির পর ৬২তম মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন গোরেটস্কা। ওলিসের চমৎকার ফ্রি কিক থেকে হেডে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। চলতি মৌসুমে লিগে এটি তার তৃতীয় গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে চতুর্থ।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ব্যবধান কমান আমোরা। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
এই নিয়ে লিগে টানা ৪ ম্যাচ জিতল বায়ার্ন। ১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আরেক ধাপ এগিয়ে গেল তারা। এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী বায়ার লেভারকুজেন। আর ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ভলফসবুর্ক।











































