স্পোর্টস ডেস্ক
সবশেষ ১২ ম্যাচের মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুম দারুণভাবে শুরু করা দলের স্ট্রাইকার আর্লিং ব্রুট হালান্দও হারিয়েছেন ছন্দ। তার এমন নিষ্প্রভ পারফর্ম্যান্সে প্রভাব পড়েছে ইংলিশ ক্লাবটিতেও। তবে দলের এমন করুণ অবস্থায় শুধু এক হালান্দের ঘাড়েই দোষ চাপাতে নারাজ কোচ পেপ গার্দিওলা।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে গার্দিওলার শিষ্যরা। মাত্র এক মৌসুম আগেই ট্রেবল জেতা দলের এমন পরিণতিতে বিস্মিত ফুটবল ভক্তরাও। শেষ মৌসুমেও দলকে লীগ শিরোপা জিতিয়েছেন গার্দিওলা। তবে নতুন মৌসুমে প্রিমিয়ার লীগ ধরে রাখার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ইংলিশ জায়ান্টরা। লীগের প্রথম পাঁচ ম্যাচে ১০ গোল করা নরওয়ের স্ট্রাইকার হালান্দও যেনো নিজেকে হারিয়ে খুঁজছেন। পরের ১২ ম্যাচে তার গোলের সংখ্যা মাত্র ৩। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে তার গোল ১৮টি। আজ লীগ ম্যাচে এভারটনের মুখোমুখি হবে ম্যান সিটি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে গার্দিওলা শুধু হালান্দকেই দোষী দাবি করলেন না, এর দায় দিলেন পুরো দলকে। সিটি কোচ বলেন, ‘কেবল একজন খেলোয়াড়ের নয়, (দলের খারাপ সময়ের দায়) পুরো বিষয়টি আমাদের। পূর্বে যখন আমরা গোল করেছি তখন আর্লিং আমাদের অনেক সাহায্য করেছে। দলের জন্য সে অনেক কার্যকর ছিল। রক্ষণ আর মাঝমাঠে সমস্যা থাকলে সেটা পুরো দলের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।’ তিনি আরও বলেন, ‘যদি এটা (দলের সমস্যা) শুধু একজনের কারণেই হতো তবে কাজটা আরও সহজ হয়ে যেতো। ব্যাপারটা এমন নয়। আর্লিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, আছে এবং থাকবে। তাকে আরও ভালোভাবে ব্যবহারের চেষ্টা করছি।’
এভারটনের বিপক্ষেও বেশ গুরুত্বপূর্ণ কয়েকজনকে না পাওয়ার সংশয়ের কথা জানান গার্দিওলা। তাদের মধ্যে অন্যতম দলের প্রথম গোলকিপার এডারসন ও রক্ষণভাগের অভিজ্ঞ ফুটবলার জন স্টোনস। তারা সময়মতো মাঠে নামার জন্য ফিট হতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চিত নন সিটি কোচ। ইংলিশ প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত ১৭ ম্যাচে ৮ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান সিটিজেনদের। ড্র ৩ ম্যাচে এবং হার ৬টিতে। এক ম্যাচ কম খেলা আরেক জায়ান্ট লিভারপুল ১২ জয় ও ১ হারে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে। সিটির সমানসংখ্যক ম্যাচ খেলে ১০ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি।











































