Home খেলাধুলা ‘হাঁটুর বয়সী’ কনস্টাসকে ধাক্কা মেরে শাস্তি পাচ্ছেন কোহলি?

‘হাঁটুর বয়সী’ কনস্টাসকে ধাক্কা মেরে শাস্তি পাচ্ছেন কোহলি?

14


স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়া-ভারতের বক্সিং ডে টেস্টে অভিষেক হলো অজি ওপেনার স্যাম কনস্টাসের। তার বয়স মাত্র ১৯। এমন একজনের সঙ্গে মাঠে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের প্রথম দিনে দশম ওভারে ঘটে ঘটনাটি।
আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওভার শেষে পিচের পাশ দিয়ে দুজন হেটে যাবার সময় ঘটনার সূত্রপাত। মোহাম্মদ সিরাজের শেষ বল খেলে গ্লাভস খুলতে খুলতে আরেক ওপেনার উসমান খাজার দিকে এগোচ্ছিলেন কনস্টাস। তখন উল্টো দিক থেকে বল হাত আসছিলেন বিরাট। অনেকটা ইচ্ছাকৃতভাবেই অজি অভিষিক্ত ওপেনারের কাঁধে ধাক্কা মারেন তিনি। এই ঘটনার পর দুজনের মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। দুজনকে শান্ত করতে এগিয়ে যান খাজা। মাঠ আম্পায়ারও ততক্ষণে এসে পরিস্থিতি সামাল দেন। এ ব্যাপারে ফক্স ক্রিকেটে ধারাভাষ্য দেয়া সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘ম্যাচ রেফারি অবশ্যই এ ঘটনার ব্যবস্থা নেবেন। কোহলি ওই মুহূর্তের কথা ভেবে গর্ব বোধ করবে না। কনস্টাস শুধু হেঁটে যাচ্ছিলো। কোহলির দিকে তাকান, সে পথের দিক পাল্টেছে। সর্বকালের সেরা কিংবদন্তিদের একজন এবং যথেষ্ট অভিজ্ঞতাসম্পন্ন হিসেবে কোহলি অবশ্য তার কৃতকর্ম নিয়ে ভাববে।’ অন্যদিকে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার হটস্টারে বলেন, ‘সরে গেলে কেউ ছোট হয়ে যেত না। প্রথমদিকে মনে হয়েছিল দুজনেই নিচের দিকে তাকিয়ে ছিল। দেখা যাক কাকে বেশি জরিমানা দিতে হয়।’
তবে অভিষেক টেস্টে খেলতে নামা স্যাম কনস্টাস মাতিয়েছেন মেলবোর্ন গ্রাউন্ডকে। রবীন্দ্র জাদেজার বলে আউট হবার আগে এই অজি ওপেনার খেলেছেন ৬৫ বলে ৬০ রানের ওয়ানডে ইনিংস। উসমান খাজাও আউট হয়েছেন ফিফটি করে। ১২১ বল খেলে ব্যক্তিগত ৫৭ রান করে বুমরাহর কাছে ধরা দেন তিনি।