Home খেলাধুলা কনস্টাসকে ধাক্কা মারায় কোহলির শাস্তি

কনস্টাসকে ধাক্কা মারায় কোহলির শাস্তি

53


স্পোর্টস ডেস্ক

মেলবোর্ন টেস্টের প্রথম দিন প্রথম ঘণ্টাতেই উত্তেজনা ছড়ায়। অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফির এই টেস্টে অভিষেক হওয়া স্যাম কনস্টাসকে ইচ্ছা করে ধাক্কা মারার অভিযোগ ওঠে বিরাট কোহলির বিরুদ্ধে। অবশেষে প্রমাণিত হওয়ায় শাস্তিও পেলেন ভারতীয় তারকা।

কোহলির ম্যাচ ফিরর ২০ শতাংশ জরিমানা করা হয়েছে বলে খবর। সেই সঙ্গে ভারতীয় তারকার ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। কোহলি নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসে বিরাটের এটিই আচরণবিধি ভঙ্গের প্রথম ঘটনা বলেই অল্পের উপর দিয়ে পরিত্রাণ পেয়ে যান তিনি।

টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। যেখানে ঘটনাটি ঘটেছে ইনিংসে ১০ ওভারের পর। মোহাম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাসের বিষয়টি পছন্দ হয়নি। তিনি কোহলিকে কিছু একটা বলেন। পাল্টা কোহলিও রক্তচক্ষু দেখিয়ে কনস্টাসকে উত্তর দেন।

যদিও বিষয়টি বেশি দূর গড়ায়নি। সতীর্থ ওপেনার উসমান খাজা এসে কনস্টাসকে সরিয়ে নিয়ে যান। পাশাপাশি কোহলিকেও অনুরোধ করেন ঘটনাটি সেখানে শেষ করে দেওয়ার জন্য। ঝামেলা থামাতে এগিয়ে আসেন আম্পায়ারেরাও।

কিন্তু সম্প্রচারকারীরা বার বার সেই ঘটনার রিপ্লে দেখাতে থাকে। সেখানে অবশ্য দেখা গিয়েছে, কনস্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন। কোহলিই যাওয়ার পরে দিক পরিবর্তন করে কনস্টাসের কাছে গিয়ে তাকে গিয়ে ধাক্কা মারেন।

এ নিয়ে ধারাভাষ্যকার মাইকেল ভন বলছিলেন, কনস্টাসকে উত্তেজিত করার জন্যই এ কাজ করেছেন কোহলি। তবে এই কাজের তীব্র নিন্দা করেছেন। বলেছেন, ‘কোহলির মতো সিনিয়র ক্রিকেটারের এমন কাজ শোভা পায় না।’

সুনীল গাভাস্কারও খুশি হতে পারেননি। বলেছেন, ‘দু’জনকেই শাস্তি দেওয়া উচিত।’ রিকি পন্টিং বলেন, ‘কোহলির হাঁটাটা এক বার খেয়াল করুন। সোজা হাঁটতে হাঁটতে ডান দিকে এসে জোর করে ওকে ধাক্কা মারল।’

এদিন ৬০ রান করে আউট হন কনস্টাস। তবে তিনি যে অভিষেক টেস্ট খেলতে নেমেছেন তা বোঝাই যায়নি। শুরু থেকেই ভারতীয় বোলারদের উপরে আগ্রাসন দেখাতে শুরু করেন। এমনকি জসপ্রিত বুমরাহকে ‘স্কুপ’ শট মারার চেষ্টাও করেন। প্রথমে সফল হননি। সপ্তম ওভারে সফল হন। একই ওভারে বুমরাকে তিন বার ‘স্কুপ’ মেরে ১৪ রান নেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও জানানো হয় যে, ঘটনা খতিয়ে দেখবে আইসিসি। সেই মতোই প্রথম দিনের খেলার শেষে কোহলির শাস্তি বিধান করে আইসিসি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট বিষয়টি ভালো চোখে দেখেননি। যদিও বিরাট এক্ষেত্রে নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সক্ষম হন।