স্পোর্টস ডেস্ক
মেলবোর্নে অস্ট্রেলিয়া-ভারত বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও বক্সিং ডে টেস্টের প্রথম দিনটা ছিল রোমাঞ্চে ভরা। অভিষিক্ত স্যাম কনস্টাস গড়লেন নতুন ইতিহাস। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সী ওপেনার হিসেবে নতুন কীর্তি গড়লেন তিনি। ১৯ বছর ৮৫ দিন বয়সে ব্যাটিং করতে নামা কনস্টাসের রেকর্ডে পেছনে পড়ে গেছে ১৯২৯ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে আর্চি জ্যাকসনের ১৯ বছর ১৪৯ দিনে অভিষেকের কীর্তি।
এই টেস্টে নেমে আবার কনস্টাস ঝড়ও তোলেন। খেলেন ৬৫ বলে ৬০ রানের ইনিংসে। আবার এই তরুণকে কোহলির ধাক্কা ও উত্তপ্ত বাক্য বিনিময় উত্তাপ আরও বাড়ায়। ফলে প্রথম দিনটার সবচেয়ে আলোচিত চরিত্র কনস্টাসই। এর বাইরে দিনের গল্পটা অস্ট্রেলিয়ার ব্যাটারদের সেট হয়েও বড় ইনিংস খেলতে না পারার, আর শেষ সেশনে ভারতের ঘুরে দাঁড়ানোর।
আজ বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া ৮৬ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৩১১ রান তুলেছে। স্টিভেন স্মিথ ৬৮ এবং প্যাট কামিন্স ৮ রানে ব্যাট করছেন।
অস্ট্রেলিয়াকে এদিন ভালো শুরু এনে দিয়েছিল অভিষিক্ত স্যাম কনস্টাস ও উসমান খাজার জুটি। অভিষেক ইনিংসেই ৫২ বলে অর্ধশতক হাঁকিয়ে আলো কেড়েছেন কনস্টাস। কোহলির ধাক্কা এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের পরের ওভারেই জাসপ্রিত বুমরাহ’র ওপর চড়াও হয়ে দুই চার ও এক ছয় মেরে জাত চেনান তিনি। অবশেষে দলীয় ৮৯ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। জাদেজার বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৬৫ বলে ৬ চার ও ২ ছয়ে ৬০ রান করেছেন তিনি।
আরেক ওপেনার উসমান খাজাও অর্ধশতক পেয়েছেন। দলীয় ১৫৪ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১২১ বলে ৬ চারে ৫৭ রান করা খাজাকে বিদায় করেন বুমরাহ। পরে তৃতীয় উইকেট জুটিতে দারুণ খেলছিলেন মারনাস লাবুশানে ও স্মিথ। অস্ট্রেলিয়াকে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন তারা।
লাবুশেন অর্ধশতক পূর্ণ করে স্বাচ্ছন্দে শতকের দিকে এগুচ্ছিলেন। কিন্তু তার উচ্চাভিলাষী শটে ভাঙে ৮৩ রানের জুটি। ওয়াশিংটন সুন্দরের বলে এগিয়ে এসে লং অনে তুলে মারতে গিয়ে কোহলির হাতে ধরা পড়েন লাবুশেন। আউট হওয়ার আগে ১৪৫ বলে ৭ চারে ৭২ রান করেন তিনি। আর তার বিদায়ের পরেই ব্যাটিং ধস নামে অস্ট্রেলিয়ার।
ভারতকে আগের তিন টেস্টেই নাস্তানাবুদ করা ট্রাভিস হেড এদিন রানের খাতা খোলার আগেই বিদায় নেন। বুমরাহর একটি ইনসুইঙ্গারের লাইন বুঝতে ভুল করে ছেড়ে দিয়েছিলেন হেড। বল স্ট্যাম্পের বেলে চুমু খেয়ে যায়। ৭ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হন তিনি। অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ২৪০ রান। মিচেল মার্শও ব্যর্থ হয়েছেন। ১৩ বলে ৪ রান করে বুমরাহর তৃতীয় শিকারে পরিণত হন তিনি।
এরপর ষষ্ঠ উইকেট জুটিতে অ্যালেক্স ক্যারিকে নিয়ে পরিস্থিতি সামাল দেন স্মিথ। ৫৩ রানের জুটি গড়েন তারা। কিন্তু ২৯৯ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় অজিরা। আকাশদীপের বলে উইকেটের পেছনে ধরা পড়েন ক্যারি। আউট হওয়ার আগে ৪১ বলে ১ ছয়ে ৩১ রান করেন তিনি।
অধিনায়ক কামিন্সকে নিয়ে দিনের বাকি অংশ কাটিয়ে দেন স্মিথ। ১৭ বলে ৮ রানে ব্যাট করছেন কামিন্স। স্মিথ ১১১ বলে ৫ চার ও ১ ছয়ে ৬৮ রানে অপরাজিত আছেন।
বুমরাহ ২১ ওভারে সাত মেডেনসহ ৭৫ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন। এছাড়া আকাশদীপ, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ১টি করে উইকেট শিকার করেছেন।











































