স্টাফ রিপোর্টার
খুলনায় এবার মৌসুমের শুরুতেই ঠাণ্ডাজনিত রোগব্যাধি ছড়িয়ে পড়েছে। জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে শিশুরা শ্বাসতন্ত্রের নানা সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। বয়স্কদের জ্বর, সর্দি-কাশি, গায়ে ব্যথা ও হাঁপানি বেড়ে গেছে। চিকিৎসকরা বলছেন, শীতে আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এতে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে। খুলনা শিশু হাসপাতালে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। ২৫০ জনের বেশি শিশু ভর্তি রয়েছে। একই সঙ্গে খুলনা সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যাও বেড়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যার স্থানে ৭০০ থেকে ৭৫০ রোগী ভর্তি থাকছে। রোগীর তুলনায় শয্যা সংখ্যা কম থাকায় অনেকেই বারান্দায় বা সিঁড়ির পাশে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
খুলনা জেলা সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম জানান, মৌসুমের শুরু থেকেই এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ঠাণ্ডাজনিত রোগ মোকাবিলায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্দেশনা দেওয়া আছে।
এর মধ্যে হঠাৎ শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় সাধারণ মানুষরা বিপাকে পড়েছেন। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, ছিন্নমূল, প্রান্তিক পর্যায়ের মানুষরা। নগরীর ডাকবাংলা মোড়, রেলওয়ে মার্কেট, ফেরিঘাট মোড় ও খালিশপুর এলাকায় গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। রিকশা চালক হানিফ মিয়া বলেন, শীতে কাহিল অবস্থা। হাত-পা কালাইয়া (ঠাণ্ডা হয়ে) আসে। পুরান মার্কেট থেইক্কা কিছু কাপড় কিনছি। সংসার বাঁচাতে ঠাণ্ডার মধ্যে রিকশা নিয়ে বের হইছি।
খুলনা আঞ্চলিক আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ প্রবাহিত হবে। এ ছাড়া চলতি সপ্তাহে লঘুচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দেশের আরও নতুন নতুন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।











































