স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে স্বাগতিকরা। ইনজুরি সারিয়ে পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও এই দলে রাখা হয়েছে স্পিনার কেশাব মহারাজ ও পেস বোলিং অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে।
গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন মহারাজ। পরে একাদশ থেকেও ছিটকে যান তিনি। যদি মহারাজ টেস্ট সিরিজে খেলতে না-ই পারেন তাহলে স্কোয়াডে একমাত্র স্পিনার হিসেবে থাকবেন সেনুরান মুথুসামী।
অন্যদিকে, গত মাসে ডারবানে শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালে ডানহাতের মধ্য আঙুলে চোট পান মুল্ডার। ফিট হয়ে উঠলে বক্সিং ডে টেস্টেই (২৬ ডিসেম্বর, বড়দিনের পরের দিন) দেখা যাবে তাকে। সেক্ষেত্রে স্কোয়াড থেকে বের হয়ে যেতে হবে ম্যাথিউ ব্রিটজেকে।
চমক হিসেবে দক্ষিণ আফ্রিকার সাদা পোশাকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার করবিন বসচ এবং কিউয়ানা মাফাকা। করবিন সাবেক ক্রিকেটার টারটিউস বসচের ছেলে। জেরাল্ড কোয়েটজের ইনজুরির কারণে শ্রীলংকা সিরিজে মাফাকা ডাক পেলেও খেলা হয়নি।
পাকিস্তানের বিরুদ্ধে চলমান ওয়ানডে সিরিজ থেকে সাতজন থাকছেন ওয়ানডে স্কোয়াডে। তারা হচ্ছেন- অধিনায়ক টেম্বা বাভুমা, টনি ডি জর্জি, মার্কো জেনসেন, এইডেন মার্করাম, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও কেশব মহারাজ।
দক্ষিণ আফ্রিকার জন্য পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে তুমুল লড়াইয়ে আছে দলটি। বক্সিং ডে’তে প্রথম টেস্টটি হবে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। কেপ টাউনের নিউল্যান্ডসে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৩ জানুয়ারি।
পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, করবিন বসচ, ম্যাথিউ ব্রিটজকে, টনি ডি জর্জি, মার্কো জেনসেন, কেশব মহারাজ, কিউয়ানা মাফাকা, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামী, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরিয়েন্নি (উইকেটরক্ষক)।









































