স্পোর্টস ডেস্ক
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ব্যর্থতার বৃত্ত থেকে বেরই হতে পারল না নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের দল রাজশাহী বিভাগ। আজ বুধবার অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার জাওয়াদ আবরারের ঝোড়ো ব্যাটিংয়ে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে রাজশাহী। অন্য ম্যাচে রংপুর বিভাগের জয়যাত্র থামিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল ঢাকা মেট্রো।
সিলেট আন্তর্জতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে জাওয়াদের ফিফটির সাহায্যে রাজশাহীর দেওয়া১৪১ রানের লক্ষ্য ২৯ বল বাকি থাকতেই টপকে গেছে ঢাকা। ৩৯ বলে ৬২ রানের ইনিংস খেলে ঢাকাকে সহজ জয় এনে দেন জাওয়াদ। যুব এশিয়া কাপ জিতে আসা এই তারকা ছক্কা মারেন চারটি, চার মারেন ছয়টি। ঢাকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন রনি তালুকদার। এই দুজন ওপেনিংয়েই যোগ করেন ৯৬ রান।
এর আগে, ১৪০ রান করা রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন তাওহিদ হৃদয়। মুশফিক এদিন ১৩ রান করলেও শান্ত আউট হয়েছেন ১ রান করেই। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জাওয়াদ। ছয় ম্যাচ খেলে এই নিয়ে দ্বিতীয় জয় পেল ঢাকা। তাতে বেঁচে রইল তাদের প্লে অফ খেলার স্বপ্ন। তবে সমান ম্যাচে ২ পয়েন্ট পাওয়া রাজশাহীর যাত্রা থামল এখানেই।
অন্যদিকে, আরেক ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল টেবিলের দুই শীর্ষ দল রংপুর ও ঢাকা মেট্রো। প্রথম পাঁচ ম্যাচের সবকটি জিতেছিল তারা। তবে আজ মেট্রোর বিপক্ষে সুবিধা করে উঠতে পারেনি আকবর আলীদের রংপুর।
প্রথমে বল করে রংপুরকে ১২৫ রানে আটকে রাখে ঢাকা। এত অল্প রানে আটকে রাখার নায়ক পেসার আবু হায়দার রনি ও স্পিনার আলিস আল ইসলাম। মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন রনি। আলিসেরও শিকার ৩ উইকেট। শেষদিকে আলাউদ্দিন বাবুর ঝোড়ো ৪৭ রানে ১২৫ রানে থামে রংপুর।
রংপুরের অল্প রান তাড়া করতে নেমে শুরুতে মোহাম্মদ নাঈম শেখ ও ইমরানউজ্জামানের উইকেট হারালেও পথ হারায়নি মেট্রো। সাদমান ইসলাম ও আনিসুল ইসলাম মিলে ৬০ বলে ৮০ রান যোগ করে দলকে বিপদমুক্ত করেন। দলকে জিতিয়ে ৩০ বলে ২৯ রানে অপরাজিত থাকেন আনিসুল। অন্যদিকে, ৫৪ রান করে আউট হন সাদমান।









































