Home আন্তর্জাতিক নেপালে আকস্মিক বন্যায় নিহত ৮

নেপালে আকস্মিক বন্যায় নিহত ৮

0


অনলাইন ডেস্ক।।

হিমালয়ঘেরা নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় কয়েকটি গ্রাম ভেসে গেছে। এতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। দেশটির তিব্বত সীমান্তবর্তী এলাকায় সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বুধবার উদ্ধার অভিযানে হেলিকপ্টার পাঠিয়েছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সীমান্তের ওপারে তিব্বতের গিরং কাউন্টিতেও ভূমিধসে ‘বড় ধরনের হতাহতের’ খবর পাওয়া গেছে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নেপাল-চীন সীমান্তের একটি স্থলবন্দর এলাকায় কাদাধসের পর কয়েকজন নিখোঁজ রয়েছেন। নেপালের রাসুয়া জেলার শ্যাপ্রুবেশি ও তিমুরে বন্যার পানি এতটাই বেড়ে গেছে যে সেখানে পাঠানো উদ্ধারকারী হেলিকপ্টারগুলো অবতরণ করতে পারছে না। প্রায় ৫০ হাজার মানুষের এই পার্বত্য জেলায় আরও প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কর্মকর্তারা। জেলা প্রশাসক নরেন্দ্র পারিয়ার রয়টার্সকে বলেন, বড় ধরনের প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে। তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।News


তিনি ভোতে কোশি নদীর তীরবর্তী বাসিন্দাদের দ্রুত উঁচু এলাকায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় গ্রাম ও বিভিন্ন অবকাঠামো প্রকল্পের স্থাপনা পানির তোড়ে ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে অনলাইন খবর জানিয়েছে, সবকিছু হঠাৎ করে ঘটেছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো বিকট শব্দ শুনেছিলাম। মানুষ চিৎকার করে দৌড়াতে শুরু করে। নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত জানিয়েছেন, পানি না কমা পর্যন্ত উদ্ধারকারী হেলিকপ্টারগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় অবতরণ করতে পারবে না। বন্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গত বছর একই নদীতে ভয়াবহ আকস্মিক বন্যা হয়েছিল। পরে জানা যায়, তিব্বতের একটি হিমবাহ-হ্রদের পানি বেরিয়ে যাওয়ায় ওই বন্যার সৃষ্টি হয়েছিল।