Home Lead খুলনার দারোগাপাড়ায় অস্ত্রের ভাণ্ডার: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩...

খুলনার দারোগাপাড়ায় অস্ত্রের ভাণ্ডার: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩ জন পুলিশ হেফাজতে

270

স্টাফ রিপোর্টার।।

খুলনা নগরীর দারোগাপাড়া এলাকার একটি বাসা থেকে ৩টি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একই পরিবারের তিনজনকে থানা হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে মহিউদ্দিন সড়কের কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দোতলার একটি ভাড়া বাসা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ হেফাজতে একই পরিবারের ৩ জন: উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ যাদের থানা হেফাজতে নিয়েছে তারা হলেন—খান কুব্বাত আলী, তাঁর স্ত্রী শামসুন নাহার এবং তাঁদের ছেলে কেএম আবিদ হাসান।

ডাইনিং রুম থেকে ঘরের কোণে অস্ত্রের ভাণ্ডার: খুলনা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকার দারোগাপাড়ার কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দুই তলার ভাড়াটিয়া কুব্বাত আলীর ঘরে বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ ঘরে ঢুকে প্রথমেই ডাইনিং রুমের একটি চেয়ারের ওপর থেকে একটি পিস্তল দেখতে পায়। পরবর্তীতে পুরো ঘরে তল্লাশি চালিয়ে মোট ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযান এখানেই থেমে থাকেনি। পরবর্তীতে সন্ধ্যার দিকে ওই ঘরে পুনরায় তল্লাশি চালিয়ে ২টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতিসহ দেশীয় তৈরি আরও বেশ কয়েকটি মারাত্মক অস্ত্র জব্দ করা হয়।

যেভাবে মেলে অস্ত্রের সন্ধান: পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার সকালে টুটপাড়া এলাকায় তেরখাদা উপজেলার দুলু শেখের ছেলে মাসুদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে কিছু না পাওয়া গেলেও পরবর্তীতে বিকেলে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই ভবনের দোতলায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে এ বিশাল অস্ত্রের ভাণ্ডারের সন্ধান মেলে।

উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা জানতে আটককৃতদের থানায় নিয়ে সনিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।