বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ঝটিকা যৌথ অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ধারালো ছুরি এবং ৯০ হাজার টাকার সমপরিমাণের জাল নোটসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
ব্লকেড রেড ও মাদকের সাথে ৫৫টি ছুরি উদ্ধার:
পুলিশ জানায়, বাগেরহাট সদর থানার পৌরসভাধীন নাগেরবাজারসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় জেলা পুলিশ ও ডিবি যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। এলাকার প্রধান প্রধান প্রবেশ ও গমনের পথ ব্লকেড করে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ও চিহ্নিত অপরাধীদের দেহ তল্লাশি এবং ঘরে ঘরে তল্লাশি চালানো হয়।
এ সময় নাগেরবাজার ও আশেপাশের এলাকা থেকে ১ জন নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৩১৫ পিস ইয়াবা, ১৪০ পুরিয়া (২০০ গ্রাম) গাঁজা, ৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং অপরাধকাজে ব্যবহারের জন্য সংগৃহীত ৫৫টি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজার এলাকার পলি (৪৫)।
মাজার এলাকা থেকে জাল নোটসহ গ্রেপ্তার ৩:
এদিকে ডিবির অপর এক পৃথক অভিযানে বাগেরহাট সদর থানাধীন হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন পুকুরপাড় এলাকা থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা জাল নোটগুলোর প্রতিটিই ১ হাজার টাকার মানের।
জাল টাকাসহ গ্রেপ্তারকৃতরা হলেন—পিরোজপুরের নাজিরপুর এলাকার মো. আকলাস ভুইয়া (৫৫), আশিকুর রহমান মোল্লা (২৩) এবং মো. শিবলু ফকির (২৪)।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন সাঁড়াশি অভিযান ও চিরুনি তল্লাশি অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।








































