Home খেলাধুলা তুলে নেওয়ায় রোনালদোর ক্ষোভ প্রকাশ, জয় আল-নাসরের

তুলে নেওয়ায় রোনালদোর ক্ষোভ প্রকাশ, জয় আল-নাসরের

2

স্পোর্টস ডেস্ক ।।

ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য রাতটি ছিল একেবারেই ভুলে যাওয়ার মতো। আল নাসর যখন দুই গোলে পিছিয়ে, তখন তাকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করে মাঠ ছাড়েন পর্তুগিজ এই মহাতারকা।

তবে নাটকীয় বিষয় হলো, রোনালদোকে মাঠ থেকে তুলে নেওয়ার পরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে তার দল। সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল নাসরের হয়ে চলতি মৌসুমে এটিই ছিল রোনালদোর প্রথম শুরুর একাদশে সুযোগ পাওয়া ম্যাচ।

আল ইত্তিফাকের বিপক্ষে দল যখন ২-০ ব্যবধানে পিছিয়ে, তখন নতুন প্রধান কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু তাকে তুলে নেওয়ার মতো সাহসী সিদ্ধান্ত নেন।
সাদিও মানে, জোয়াও ফেলিক্স ও কিংসলে কোমানকে নিয়ে সাজানো শক্তিশালী আক্রমণভাগের নেতৃত্বে ছিলেন রোনালদো।

কিন্তু ম্যাচের শুরুতে দলের গোলরক্ষক বেন্তো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। দুর্বল হয়ে পড়া দলটিকে প্রথমার্ধেই বড় ধাক্কা দেয় আল ইত্তিফাক; ওনদ্রেজ দুদা ও আলভারো মেদরানের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো মাঠে নামলেও দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই (৪৬তম মিনিটে) তার জায়গায় বদলি হিসেবে আবদুল্লাহ আল খাইবারিকে নামানোর সিদ্ধান্ত হয়। বদলি বোর্ডের দিকে তাকিয়ে মাথা নাড়াতে নাড়াতে ও দুই হাত ছুড়ে অসন্তোষ প্রকাশ করে মাঠ ছাড়েন রোনালদো। এমনকি ডাগআউটে থাকা সতীর্থদের সম্পূর্ণ এড়িয়ে সরাসরি টানেল দিয়ে ড্রেসিংরুমের দিকে চলে যান তিনি।

তবে কোচের এই সিদ্ধান্ত মাঠে ম্যাজিকের মতো কাজ করেছে। ম্যাচের শেষ ৩০ মিনিট বাকি থাকতে আবদুলেলাহ আল-আমরি ব্যবধান কমান (২-১)। এরপর শেষ ১৭ মিনিটের ঝড়ে জোড়া গোল করে রিয়াদের ক্লাবটিকে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর এক জয় এনে দেন সাদিও মানে।

অধিনায়ককে তুলে নেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে আল নাসর বস অ্যাঞ্জে পোস্তেকোগলু বলেন, ‘রোনালদোকে তুলে নেওয়াসহ আমি যখন বদলিগুলো নামাচ্ছিলাম, তখন আমার বিশ্বাস ছিল মাঠে যারা নামছে তারা প্রভাব ফেলতে পারবে। আমি এখানে খেলোয়াড়দের সাহায্য করতে এসেছি। বদলি হিসেবে নামা প্রতিটি খেলোয়াড় ইতিবাচক ভূমিকা রাখায় আমি তাদের জন্য গর্বিত।’

তিনি আরও যোগ করেন, ‘আমি মাঠে যা দেখছি, তার ভিত্তিতে দলকে সাহায্য করার জন্যই এখানে আছি। সবাই জানে যে রোনালদো দীর্ঘদিন মাঠে ছিল না। প্রথমার্ধে সে অসাধারণ পারফর্ম করেছে, তবে আমরা ভিন্ন এক কৌশলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রতিকূল পরিস্থিতিতে এমন চমৎকার পারফরম্যান্স উপহার দেওয়ার পুরো কৃতিত্বই খেলোয়াড়দের।’

এই জয়ের সুবাদে লিগের শুরুতে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে আল নাসর। তবে নাটকীয় এই জয়ের পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রোনালদোর সেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ম্যাচ শেষের জয়োৎসবেও মাঠে দেখা যায়নি পর্তুগিজ তারকাকে। পোস্তেকোগলু ও রোনালদো দুজনই বেশ কড়া ব্যক্তিত্বের অধিকারী হওয়ায় সমর্থকরা ধারণা করছেন, কোচ ও তারকার সম্পর্কের মধ্যে হয়তো কোনো চাপা উত্তেজনার সূত্রপাত হতে যাচ্ছে।