স্পোর্টস ডেস্ক
জার্মান কাপে রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে বিদায় করে কোয়ার্টার-ফাইনালে উঠল বায়ার লেভারকুজেন। শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।
এ ম্যাচে দীর্ঘ দুই দশকের পেশাদার ফুটবল জীবনে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন বায়ার্ন অধিনায়ক মানুয়েল নয়ার।
মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় এবারের বুন্ডেসলিগায় এখন পর্যন্ত অপরাজিত বায়ার্ন চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলে প্রথম হারের স্বাদ পেল। আর তাতেই শেষ হয়ে গেল তাদের একটি শিরোপা যাত্রা।
জার্মান কাপে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নরা সবশেষ এর শিরোপা জিতেছিল ২০১৯-২০ মৌসুমে। সেই থেকে এই নিয়ে পাঁচ আসরে একবারও– কোয়ার্টার-ফাইনালে পর্ব পার হতে পারেনি তারা।
এদিন বায়ার্ন ম্যাচের সপ্তদশ মিনিটে বড় ধাক্কাটি খায়। বক্স থেকে বেরিয়ে প্রতিপক্ষের ডাচ ডিফেন্ডার ইয়েরেমি ফ্রিম্পংকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নয়ার। ২০০৪ সালে শুরু পেশাদার ফুটবল ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এবারই প্রথম বহিষ্কার হওয়ার তিক্ত অভিজ্ঞতা হলো জার্মান তারকা গোলরক্ষকের।
খেলার ধারার বিপরীতে ৬৯তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি পেয়ে যায় লেভারকুজেন। সতীর্থের ক্রস বক্সে পেয়ে হেডে দলকে শেষ আটের পথে এগিয়ে নেন আট মিনিট আগে বদলি নামা নাইজেরিয়ার মিডফিল্ডার টেলা।











































