Home খেলাধুলা দুর্দান্ত জয়ে যেসব রেকর্ড গড়ল টাইগাররা

দুর্দান্ত জয়ে যেসব রেকর্ড গড়ল টাইগাররা

14


স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ে ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে বাংলাদেশ। জ্যামাইকার স্যাবাইনা পার্কে ১০১ রানের বিশাল জয় পেয়েছে টাইগাররা। ম্যাচের প্রথম ইনিংসে ১৬৪ রানেই অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাব দিতে ১৪৬ রানেই থামে ক্যারিবিয়ানরা। ১৮ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬৮ রানের শক্ত সংগ্রহ তোলে বাংলাদেশ। তাতে উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৭ রানের।

ম্যাচের পরিস্থিতি ও কন্ডিশন বিবেচনায় এটি ছিল প্রায় অসম্ভব লক্ষ্য। এটাকে আর সম্ভব করতেও পারেনি স্বাগতিকরা। ম্যাচের চতুর্থ ইনিংসে ৫ উইকেট নিয়ে উইন্ডিজকে ১৮৫ রানেই অলআউট করে দেন তাইজুল। তাতে বিশাল জয় পায় মেহেদী হাসান মিরাজের দল। দুই ম্যাচের সিরিজের শেষটায় বাংলাদেশ জেতায় সিরিজ ড্র হলো ১-১ ব্যবধানে।

সবশেষ ২০০৯ সালে গ্রানাডায় খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল টাইগাররা। এবার ১৫ বছর পর এল এই জয়। এ ছাড়া দেশ-বিদেশ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতল ৬ বছর পর। তাতে জয় দিয়েই ২০২৪ সালের টেস্ট অভিযান শেষ করল বাংলাদেশ।

এ জয়ের বাংলাদেশ শিবিরে একগাদা রেকর্ড জমা হয়েছে। দেখে নিন রেকর্ডগুলো:

১: প্রথম ইনিংসে ২০০ রানের কমে অলআউট হয়েও এই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ। আগের রেকর্ডটা ২২০ রানের। ২০১৬ সালে মিরপুরে প্রথম ইনিংসে ২২০ রানে অলআউট হয়েও শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়েছিল বাংলাদেশ।

১০১: বাংলাদেশের জয়ের ব্যবধান। টেস্টে রানের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় জয়। আগের রেকর্ড ৯৫, ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে।

২৫০: টেস্টে ২২তম জয়টি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ২৫০তম। বাংলাদেশ তিন সংস্করণ মিলিয়ে ম্যাচ খেলেছে ৭৭০টি।

৩: ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের টেস্ট জয়। দেশের বাইরে বাংলাদেশ সবচেয়ে বেশি টেস্ট জিতল ক্যারিবিয়ানেই। পাকিস্তান ও জিম্বাবুয়েতে বাংলাদেশ টেস্ট জিতেছে দুটি করে। দেশের বাইরে বাংলাদেশ টেস্ট জিতেছে ৯টি।

২৫: সিরিজে বাংলাদেশের পেসারদের উইকেট। যা টেস্টে বাংলাদেশের রেকর্ড। এর আগে দুবার এক সিরিজে সর্বোচ্চ ২১ উইকেট পেয়েছিলেন পেসাররা।

৫/৫০: দেশের বাইরে টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের সেরা বোলিং এখন তাইজুল ইসলামের। আগের সেরা মাহমুদউল্লাহর, ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫/৫১।

২: বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে টেস্টে সিরিজসেরা হলেন তাসকিন আহমেদ। প্রথমজন রবিউল ইসলাম ২০১৩ সালে জিম্বাবুয়েতে। দুজনের কেউই একবারও ম্যান অব দ্য ম্যাচ হননি।

৫: ৯১ রানের ইনিংসে জাকের আলীর ছক্কা। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যা বাংলাদেশের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৪, ২০১২ সালে মিরপুরে নাসির হোসেনের।

১১: বাংলাদেশের ১১তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে নড়বড়ে নব্বইয়ে আউট হলেন জাকের আলী। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ চারবার নব্বইয়ে ঘরে আউট হয়েছেন মুশফিক।