Home জাতীয় ঢাকায়ও হাসনাতের গাড়িতে ধাক্কা: পরিকল্পিত হত্যাচেষ্টা?

ঢাকায়ও হাসনাতের গাড়িতে ধাক্কা: পরিকল্পিত হত্যাচেষ্টা?

23


ঢাকা অফিস।।

আইনজীবী সাইফুল ইসলামের দাফন শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ট্রাকচাপায় হত্যাচেষ্টার কয়েক ঘণ্টা পর খোদ রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে ফের হামলা চালিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে রাজধানীর ওয়ারীর কাপ্তানবাজার (গুলিস্তান হানিফ ফ্লাইওভার টোল প্লাজার পাশে) এলাকায় পিকআপ ভ্যান দিয়ে এই হামলা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। শারীরিকভাবে


সুস্থ থাকলেও পর পর দুর্ঘটনার বিষয়গুলো ‘পরিকল্পিত হামলা’ বলে সন্দেহ হাসনাত আব্দুল্লাহর।

এদিকে হাসনাত আব্দুল্লাহর গাড়িকে ধাক্কা দেওয়া পিকআপের চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসনাত আব্দুল্লাহকে বহন করা গাড়িকে ধাক্কা দেয় ঢাকা মেট্রো ম-১৪-০০৩২ নম্বরের একটি পিকআপ। ঘটনার পরপরই সেটিকে জব্দ করা হয়। পিকআপের চালককে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

হাসনাতের ক্ষতিগ্রস্ত গাড়িটির ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ছবিতে দেখা যায়, একটি পিকআপ প্রাইভেটকারের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের পেছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টা ২৭ মিনিটে সমন্বয়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হাসনাত আব্দুল্লাহ জানান, ‘আমার গাড়িতে আবার মারা (ধাক্কা) হইছে। ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ীতে।’ এই বার্তার সঙ্গে তিনি দুটি ছবি যুক্ত করেন। এতে দেখা যায়, একটি সাদা রঙের পিকআপ হাসনাতকে বহনকারী প্রাইভেটকারের পেছনে লেগে রয়েছে।

এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম তার ফেসবুক পোস্টে লিখেন, এসব ষড়যন্ত্র করে আর কত? কয়জন হাসনাতকে মারবেন? এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ফেসবুকে জানান, ‘হাসনাত আব্দুল্লাহকে আরেকবার যাত্রাবাড়ীতে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা।’ সমন্বয়ক নুসরাত তাবাসসুম লিখেন, ‘যাত্রাবাড়ীতে হাসনাতের গাড়িকে আবারও পেছন থেকে ধাক্কা। জিনিসটা সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। সরকারের কাছে প্রটেকশন চাই।’

এর আগে গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি গাড়িতে ট্রাক ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। এই দুর্ঘটনার বিষয়টি হত্যাচেষ্টা কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এটি নিরেট দুর্ঘটনা কিনা, সে বিষয়ে প্রশ্ন রাখেন তিনি।

চট্টগ্রামের ঘটনায় মামলা দায়ের:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ধাক্কা দেওয়া ট্রাকের মালিক জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের আসামি বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এ ঘটনায় বৃহস্পতিবার লোহাগাড়া থানায় নিরাপদ সড়ক আইনে মামলা হয়েছে। পুলিশ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে। আটককৃতরা হলেন- ট্রাকের চালক ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা মজিবুর রহমান ও হেলপার রিফাত মিয়া।

লোহাগাড়া থানার ওসি আরিফুল ইসলাম বলেন, প্রাইভেটকার চালক নিরাপদ সড়ক আইনে মামলা করেছেন। আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুর্ঘটনা বলে দাবি করছেন। তবে বিষয়টি পরিকল্পিত কিনা তা গুরুত্বের সঙ্গে আমরা তদন্ত করছি।

এ ঘটনার পর বুধবার রাতে হত্যাচেষ্টার অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে। আল্লাহ হেফাজত করুক। তবে আমরা মৃত্যুকে ভয় পাই না।

হত্যাচেষ্টার বিষয়ে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, চট্টগ্রামে ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি অসংলগ্ন তথ্য দিচ্ছেন। তার তথ্য এবং বাস্তবতার কোনো মিল ছিল না। দ্বিতীয় যে তথ্যটি সবচেয়ে বেশি স্পর্শকাতর, তা হচ্ছে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ওই ট্রাকের মালিক।

এদিকে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।