Home আলোচিত সংবাদ কুয়েটে সাসপেন্ড ১২ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী

কুয়েটে সাসপেন্ড ১২ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী

98


স্টাফ রিপোর্টার।।
অবৈধ উপায়ে নিয়োগ পাওয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদান ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পাঁচ শিক্ষক, ছয় কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

বরখাস্তকৃতরা হলেনÑ বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শিবেন্দ্র শেখর শিকদার, মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ড. সোবহান মিয়া ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল, ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি, ডেপুটি রেজিস্ট্রার দেবাশীষ মণ্ডল, সহকারী পরিচালক (জনসংযোগ ও তথ্য শাখা) মনোজ কুমার

মজুমদার, সহকারী কম্পট্রোলার জি এম আবু সাঈদ, সহকারী প্রোগ্রামার মো. ওমর ফারুক, সহকারী টেকনিক্যাল অফিসার মো. মেহেদী হাসান রাজন ও অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্ত।

এ ব্যাপারে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেন, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা (বিশ্ববিদ্যালয় আইন-২০০৩ এর ৪৪ (৫) ধারা) ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় বাধা প্রদান, অবৈধ উপায়ে নিয়োগ পাওয়া, বিভিন্ন সময় সাধারণ ছাত্র-শিক্ষক নির্যাতন ও সক্রিয়ভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সিন্ডিকেট সভায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।