Home আলোচিত সংবাদ স্বৈরাচারমুক্ত হয়েছি, এখন দেশ গড়ার পালা : তারেক রহমান

স্বৈরাচারমুক্ত হয়েছি, এখন দেশ গড়ার পালা : তারেক রহমান

45


খুলনাঞ্চল রিপোর্ট।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ স্বৈরাচারকে বিতাড়িত করেছে। আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। এখন দেশ গড়ার পালা। গতকাল বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গত ১২ নভেম্বর শুরু হয় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট। বিএনপির রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক দল এতে অংশগ্রহণ করে। গতকাল বিকাল ৪টায় এ মাঠে পঞ্চগড় জেলা বিএনপি একাদশ ও রংপুর মহানগর বিএনপি একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে ১-০ গোলে পঞ্চগড় জেলা বিএনপি একাদশ বিজয় লাভ করে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ ও ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী বক্তব্য দেন। এ সময় রংপুর বিভাগের

৮ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, আগামী দিনে দেশ গড়তে দেশের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। আমরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমাদের অনেক মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার ও অন্যান্য পেশার মেধাবী মানুষজন আছেন। আমি বাংলাদেশের একজন সন্তান হিসেবে মনে করি, আমাদের শুধু মেধাবী ডাক্তার ও ইঞ্জিনিয়ার হলে চলবে না, আগামী দিনে অবশ্যই প্রফেশনাল খেলোয়াড় ও সাংস্কৃতিককর্মী তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভেতর থেকে, যাতে আমরা বিদেশের মাটিতে খেলায় অংশ নিয়ে দেশের সম্মান বয়ে আনতে পারি।

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়ে জোর দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। তিনি বলেন, লেখাপড়া করে মেধার ভিত্তিতে যেমন ডাক্তার, প্রকৌশলী, আর্কিটেক্ট হতে হবে, তেমনি পেশাদার খেলোয়াড় কিংবা শিল্পী তৈরি করতে হবে। কারণ একজন পেশাদার খেলোয়াড় কিংবা শিল্পীও তার পেশার মাধ্যমে পরিবারকে সাহায্য করতে পারেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষ স্বৈরাচার বিদায় করেছে। সামনের দিনে দেশ গড়ার পালা। এ প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়তে আমরা ৩১ দফা দিয়েছি। দেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী দিনে পেশাদার খেলোয়াড় তৈরি করতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, এর পাশপাশি ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পী তৈরির কাজ করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় খেলাগুলো বাছাই করে আমরা দেশের তরুণ সমাজের মধ্যে থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করব। বাইরের দেশের খেলোয়াড়ের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। সবকিছু হবে সরকারিভাবে।

এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে শহীদ জিয়ার আমলের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ওই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ভালো শিল্পী বের করে আনা। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বেবী নাজনীন ‘নতুন কুঁড়ি’-ই ফসল। তিনি আরও বলেন, ঠিক একইভাবে ভালো খেলোয়াড় বের করে আনতে আমাদের ৮ থেকে ১০টি খেলা পছন্দ করে এসব খেলার ওপর গুরুত্ব দিতে হবে। যিনি যে ধরনের খেলায় ভালো করবেন, তাদের সেই খেলায় পারদর্শী করে তুলতে হবে; যাতে করে আন্তর্জাতিক ইভেন্টগুলোতে আমাদের খোলোয়াড়রাও ভালো ফলাফল বয়ে আনতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা সুখী-সমৃদ্ধ দেশ গড়ার জন্য প্রয়োজনীয় সব কাজের সঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপরও জোর দেব। মেধাবী ডাক্তার, প্রকৌশলী, আর্কিটেক্ট বানানোর পাশাপাশি ভালো রাজনীতিবিদ, ভালো খেলোয়াড় ও শিল্পী তৈরি করতে পারি সেই চেষ্টা করব।

তারেক রহমান বলেন, যে ব্যক্তি যে বিষয়ে মেধাবী, তার মেধাকে মূল্যায়ন করে সেই বিষয়ে দক্ষ করে তোলা হবে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করবে বিএনপি। তিনি বলেন, বিভিন্ন খেলায় পেশাদার খেলোয়াড় এবং ভালো সাংস্কৃতিক কর্মী ও শিল্পী তৈরি করতে পারলে ওইসব ক্ষেত্রে কর্মসংস্থানের ব্যবস্থাও হবে।