স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর খালিশপুর মহসীন কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি ও বর্তমান যুবলীগ নেতা মো. ফারুক হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ফারুক নগরীর খালিশপুর থানার চরেরহাট এলাকার বাসিন্দা। সোমবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে নগরীর ফারাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ফারুকের বিরুদ্ধে নগরীর খালিশপুর থানায় বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ফারুকের লাইসেন্সকৃত ২টি অস্ত্র রয়েছে। সেই অস্ত্রগুলো যথাসময়ে জমা দিয়েছে কিনা তা খোঁজখবর নেয়া হচ্ছে। পুলিশ আরো জানায়, তার দুই ভাই আওয়ামী লীগ নেতা ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসএম খুরশিদ আহম্মেদ টোনা এবং মোরশেদ আহম্মেদ মনিরের বিরুদ্ধেও মামলা রয়েছে। তারা কোথায় আছে সে ব্যাপারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।











































