স্পোর্টস ডেস্ক
ক্যারিবিয়ান অঞ্চলের গায়ানায় আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের। টুর্নামেন্টটিতে ৫ দেশের ৫ ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। বিপিএলের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হওয়ার কারণে বাংলাদেশ থেকে টুর্নামেন্টটিতে খেলার কথা ছিল ফরচুন বরিশালের। তবে তারা অংশ নিতে অনীহা দেখানোয় সুযোগ পায় রংপুর রাইডার্স।
গ্লোবাল সুপার লিগ উপলক্ষে এরই মধ্যে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে রংপুর। এর মধ্যে ৯ জন দেশি ও ৫ জন বিদেশি ক্রিকেটার। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই স্কোয়াড ঘোষণা করে রংপুর।
টুর্নামেন্টে রংপুরের হয়ে খেলছেন গত আসরের অধিনায়ক নুরুল হাসান সোহান। অন্যদের মধ্যে থাকছেন সর্বশেষ ড্রাফট থেকে রংপুরে নাম লেখানো মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, সাইফ হাসান, শেখ মেহেদী ও কামরুল ইসলাম। এছাড়া ফরচুন বরিশালের লেগ স্পিনার রিশাদ হোসেন, খুলনা টাইগার্সের আফিফ হোসেন, সিলেট স্ট্রাইকার্সের আরাফাত সানিকে গ্লোবাল সুপার লিগের জন্য নিজেদের দলে নিয়েছে রংপুর।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ক্যারিবিয়ান অলরাউন্ডার ম্যাথু ফোর্ড ছাড়াও খেলবেন যুক্তরাজ্যের টপ অর্ডার ব্যাটার ওয়েইন ম্যাডসেন ও পেসার জ্যাক চ্যাপেল এবং যুক্তরাষ্ট্রের ব্যাটার স্টিভেন টেইলর ও অলরাউন্ডার হারমিত সিং।
প্রসঙ্গত, গ্লোবাল সুপার লিগে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স ছাড়াও অংশ নেবে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল।
রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মেহেদী, আফিফ হোসেন, মোহাম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ডে (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), স্টিভেন টেইলর (যুক্তরাষ্ট্র) ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড) ও জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।









































