স্পোর্টস ডেস্ক
আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। টুর্নামেন্টে রাজনৈতিক কারণ দেখিয়ে খেলতে চাইছে না ভারত। এতদিন ভারত যাতে খেলতে পারে সেজন্য বিকল্প বেশ কিছু প্রস্তাব দিয়ে এসেছে পাকিস্তান। তবে টুর্নামেন্ট যেহেতু ঘনিয়ে আসছে, তাই ভারতকে টুর্নামেন্টে খেলা নিয়ে হ্যাঁ বা না-তে লিখিত উত্তর দিতে বলেছে পাকিস্তান বোর্ড। খবর ‘ক্রিকেট পাকিস্তান’-এর।
টুর্নামেন্টের সার্বিক বিষয় নিয়ে বিগত কয়েকদিন ধরেই আইসিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন পিসিবির কর্মকর্তা সালমান নাসের। আলোচনায় পিসিবি সভাপতি মহসিন নকভীও অংশ নিয়েছিলেন। সূচি চূড়ান্ত করার জন্য দৌড়ঝাঁপ করছেন তারা। সাধারণত, আইসিসি কোনো টুর্নামেন্টের জন্য তিন মাস আগে সময়সূচী প্রকাশ করে। আগামী ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে সূচি একটি অনুষ্ঠানে প্রকাশ করা হতে পারে। ভারতের ম্যাচগুলো লাহোরে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে ভারত দলকে সেদেশে খেলতে যেতে সরকারের অনুমতির প্রয়োজন হয়। তবে ইতিহাসের বরাত দিয়ে ‘ক্রিকেট পাকিস্তান’ বলছে, পাকিস্তান সফরে কখনো লিখিত অনুমতি দেয়নি ভারত সরকার। সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, এবারও লিখিত বিবৃতি দেবে না তারা।
এসবের পরেও ভারত সরকারের লিখিত বক্তব্য পেতে দেশটির ক্রিকেট সংস্থা বিসিসিআইকে চাপ দিয়েছে পিসিবি। এসবের মধ্যেও সূচি তৈরির কাজ চলছে। যেখানে ভারতের সবগুলো ম্যাচ রাখা হয়েছে অপেক্ষাকৃত সীমান্তবর্তী শহর লাহোরে।
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। খসড়া সূচি অনুযায়ী, প্রথম দিনই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। তার পরের দিন লাহোরে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ২১ ফেব্রুয়ারি মুখোমুখি হবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। ভারত-পাকিস্তানের বহুল আকাঙ্ক্ষিত ম্যাচ ১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা।










































