Home খেলাধুলা পাকিস্তানের দেওয়া সহজ লক্ষ্য ছুঁতে ঘাম ঝরল অস্ট্রেলিয়ার

পাকিস্তানের দেওয়া সহজ লক্ষ্য ছুঁতে ঘাম ঝরল অস্ট্রেলিয়ার

20


স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের ১১ ব্যাটার মিলে মোটে ২০৩ রান তুলতে পারল। তবে দারুণ বোলিংয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় দলটি। জবাব দিতে নামা অস্ট্রেলিয়ার ইনিংসে ১৮৫ রানে ৮ উইকেট তুলে নেন শাহিন-রউফরা। তবে শেষ পর্যন্ত প্যাট কামিন্সের দৃঢ়তায় রক্ষা পায় স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দলটি।

আজ সোমবার মেলবোর্নে প্রথমে ব্যাট করা পাকিস্তান ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২০৩ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ও ৯৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান দুই ওপনোর দ্রুত ফিরে যান। ম্যাথিউ শর্টকে এক রানে ফেরান শাহিন শাহ আফ্রিদি। আর ব্যক্তিগত ১৬ রানে থাকা জ্যাক ফ্রাসের-ম্যাকগার্ককে আউট করেন নাসিম শাহ।

এরপর স্টিভেন স্মিথ (৪৪) ও জস ইংলিস (৪৯) হাল ধরেন। কিন্তু স্মিথ হারিস রউফের ও ইংলিস শাহিনের শিকার হয়ে মাঠ ছাড়েন। আর মার্নাস লাবুশানে ও গ্লেন ম্যাক্সওয়েলকে একই ওভারে রউফ ফিরিয়ে ম্যাচ জড়িয়ে তোলেন। তবে শেষদিকে অধিনায়ক কামিন্সের ৩১ বলে ৩২ রানে দারুণ ইনিংসে জয় নিয়েই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের হয়ে রউফ ৩টি ও শাহিন ২টি উইকেট দখল করেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মিচেল স্টার্ক ও কামিন্সদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। টপঅর্ডারদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান ৪৪ ও বাবর আজম ৩৭ রান করেন। তবে শেষ দিকে নাসিম শাহর ৩৯ বলে ৪০ রানের ইনিংসে কোনোমতে দলীয় ২০০ রান পার করেন দলটি।

মিচেল স্টার্ক ৩টি উইকেট দখল করেন। দুটি করে উইকেট পান কামিন্স ও অ্যাডাম জাম্পা।