স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠে তুলনামূলক সহজ প্রতিপক্ষ নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজের হোয়াইটওয়াশ হয়েছে ভারত। যা দেশের মাটিতে ২৪ বছর পর টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেয়েছে টিম ইন্ডিয়া।
ভারতবের সামনে এবার আরও কঠিন অ্যাসাইন্টমেন্ট। অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রোহিত-কোহলিরা। তবে এই সফরে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। কিন্তু রোহিত শর্মা, গৌতম গম্ভীরদের এই সিদ্ধান্ত বদল করা উচিত বলে মনে করেন সুনীল গাভাস্কার। এই কিংবদন্তি মতে, প্রস্তুতি ম্যাচ খেললে সুবিধা হবে ভারতের। অন্যথায় আবার ভুল করবে তারা।
বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে ভারত ‘এ’ দল। যেখানে প্রথমে ঠিক ছিল অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের সঙ্গেই একটি ম্যাচ খেলবেন রোহিতেরা। কিন্তু পরে সেই সিদ্ধান্ত বদল করে ভারত। ঠিক হয়, ১০ নভেম্বর অস্ট্রেলিয়া রওনা হবে দল। সেখানে গিয়ে পুরোটাই অনুশীলনের উপর জোর দেওয়া হবে। কোনো প্রস্তুতি ম্যাচ হবে না।
গাভাস্কার ভারতীয় দলের এই সিদ্ধান্ত মানতে পারছেন না। তিনি বলেন, ‘আমার মনে হয় ভারতের প্রস্তুতি ম্যাচ খেলা উচিত। দলের সিনিয়র খেলোয়াড়দের হয়তো দরকার না থাকতে পারে। কিন্তু সরফরাজ খান, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়ালেরা প্রথমবার অস্ট্রেলিয়ায় গেছে। ওখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। অস্ট্রেলিয়া ‘এ’ দল না হলেও কুইন্সল্যান্ডের মতো দলের বিরুদ্ধে খেলা যেতে পারে। তা হলে ওখানকার উইকেটের গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে ওদের সুবিধা হবে।’
এদিকে অস্ট্রেলিয়ায় রোহিতদের নেটে অনুশীলনের নিয়মেও বদল চাইছেন গাভাস্কার। তার মতে, ভারতের মাঠে নেটে যে ভাবে অনুশীলন হয় সেটা অস্ট্রেলিয়ায় করলে হবে না। তিনি বলেন, ‘ওখানে গতির সঙ্গে মানিয়ে নিতে হবে। ফাস্ট বোলারদের ২২ গজের বদলে ২০ গজ দূর থেকে বল করতে বলতে হবে। তা হলে বল জোরে আসবে। অস্ট্রেলিয়ার পিচে নতুন বল সামলে নিতে পারলে ব্যাট করতে কোনও সমস্যা হবে না। নতুন বল সামলানোই আসল চ্যালেঞ্জ।’











































