স্পোর্টস ডেস্ক
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে লড়াই করে হারলেও দ্বিতীয়টিতে দিশেহারা হয়ে পড়েছে নিউজিল্যান্ড। শ্রীলংকার পর্বতসমান রানের চাপে পড়ে ব্যাটিংয়ে নেমে আরও বাজে অবস্থা কিউইদের।স্পিনার প্রবাত জয়াসুরিয়ার বোলিং দাপটে এখন ইনিংস ব্যবধানে জয়ের পথে শ্রীলংকা।
প্রথম ইনিংসে স্বাগতিক লংকানদের ৬০২ রানের পর্বতসমান রানের জবাব দিতে নেমে ৮৮ রানেই গুটিয়ে যায় কিউইরা। ৫১৪ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডকে ফলো অনে ফেলে লংকানরা। বিশাল রান অতিক্রম করতে গিয়ে দ্বিতীয় ইনিংসে ১৯৯ রান তুলতেই ৫ উইকেট হারায় সফরকারীরা। এখনো ৩১৫ রানে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছে লংকানরা।
নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারানোর সবচেয়ে বড় কারিগর প্রবাত জয়াসুরিয়া। সেই টেস্টে এই বাঁহাতি স্পিনার নিয়েছিলেন ৯ উইকেট। দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ৮৮ রানে গুটিয়ে দেওয়ার বড় কারিগরও তিনি। ৪২ রানেই কিউইদের ৬ উইকেট তুলে নেন প্রবাত। ৩ উইকেট শিকার করেন অভিষিক্ত অফ স্পিনার নিশান পেইরিস।
শ্রীলংকার বিপক্ষে টেস্টের কোনো ইনিংসে এই প্রথম এক শ’র নিচে গুটিয়ে গেল নিউজিল্যান্ড। এর আগে লংকানদের বিপক্ষে কিউইদের সর্বনিম্ন রান ছিল ১০২।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৬০২-৫ ডিক্লেয়ার।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৯.৫ ওভারে ৮৮ (স্যান্টনার ২৯; জয়াসুরিয়া ৬-৪২, পেইরিস ৩-৩৩); ফলো অন।
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৪১ ওভারে ১৯৯-৫ (কনওয়ে ৬১, ব্লান্ডেল ৪৭, উইলিয়ামসন ৪৬, ফিলিপস ৩২; পেইরিস ৩-৯১)।











































