স্পোর্টস ডেস্ক
ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থের কথা প্রায়ই স্টাম্প মাইকে ধরা পড়ে। উইকেটের পেছনে থেকে তিনি প্রতিপক্ষের ব্যাটারদের স্লেজিং থেকে শুরু করে তাদের সঙ্গে খুনসুটিও করেন। বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টেও পন্থকে সরব হতে দেখা গেছে। যেখানে বাংলাদেশের ব্যাটার মুমিনুল হকের উচ্চতা নিয়ে তিনি ইঙ্গিতে খোঁচাই দিয়েছেন।
ইনিংসের ৩৩তম ওভারে বোলার ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই স্পিনারের প্রথম বল সুইপ করার চেষ্টা করেন মুমিনুল হক। তার ব্যাটের সঙ্গে বলের ঠিকমতো সংযোগ হয়নি। বলের লাইন মিস করেন মুমিনুল। বল তার ব্যাট সামান্য ছুঁয়ে প্যাডে লাগে। এলবিডব্লিউের আবেদন করেন পন্থ। কিন্তু আম্পায়ার তার আবেদন সাড়া দেননি। সঙ্গ দেননি অশ্বিনও। তিনি ইশারা করে পন্থকে বলেন, বল ব্যাটে লেগে মোমিনুলের প্যাডে লেগেছে।
পন্থকে এরপরই টিপ্পনী করতে শোনা যায়। ভারতীয় দলের উইকেটরক্ষককে বলতে শোনা যায়, ‘ওর হেলমেটে বল লাগলেও এলবিডব্লিউ নেব।’ পন্থ মুমিনুলের উচ্চতার কথা বলে তাকে চাপে রাখার চেষ্টা করেন। উল্লেখ্য, মোমিনুলের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।
এদিকে পন্থ নিজেও খুব একটা লম্বা নন। সে সময় ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাভাস্কার। তিনিও পন্থের খোঁচা শুনে হেসে ফেলেন। বলেন, ৫ ফুট উচ্চতার এক জন আর এক জন ৫ ফুট উচ্চতার মানুষের সঙ্গে মজা করছে।











































