স্টাফ রিপোর্টার।।
বৃষ্টিতে ভিজে খুলনার জিরোপয়েন্ট অবরোধ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে তারা জিরোপয়েন্ট গোল চত্বরে অবস্থান নেন। এতে খুলনা-ঢাকা মহাসড়ক ও খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র ভোগান্তির শিকার হন যাত্রী ও পরিবহন চালকরা। সড়কের উভয়পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। বিকেল সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থীরা জানান, আজ তাদের রূপসা সেতু অবরোধ করার পরিকল্পনা ছিল। দুপুর ৩টা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। প্রধান ফটকের সামনে মোতায়েন করা হয় জলকামান। বিকেল ৪টা থেকে ক্যাম্পাসের হাদি চত্বরে অবস্থান নিতে শুরু করেন ছাত্র-ছাত্রীরা। এর মধ্যে পুলিশের কয়েকজন কর্মকর্তা শিক্ষার্থীদের রূপসা সেতু অবরোধ না করার অনুরোধ করেন। বিকেল ৫টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা জিরোপয়েন্টে গিয়ে সড়ক অবরোধ করেন। এর আগেই প্রধান ফটক ছেড়ে পুলিশ সদস্যরা সড়কের একপাশে অবস্থান নেন।
জিরোপয়েন্ট গিয়ে দেখা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৃষ্টিতে ভিজে সড়ক অবরোধ করে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা, ঢোল এবং কোটা বাতিলের দাবি সম্বলিত বিভিন্ন প্লাকার্ড ছিল। সেখানে ‘পদ্মা, মেঘনা, যমুনা, কোটাপ্রথা চাই না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘৭১-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, এমন নানা স্লোগান দেন তারা। এ সময় শিক্ষার্থীদের অবস্থানস্থলের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
অবরোধ চলাকালে সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থী মো. আজাদ বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং আগামীতেও থাকবে। আমরা কোনো বাধাকে ভয় পাই না। কোনো শক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান থেকে সরবো না।











































