স্টাফ রিপোর্টার।।
খুলনার ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি হত্যা মামলায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগ নেতা আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাসের মালিকানাধীন বিশ্বাস প্রপার্টিজের অফিস ও বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার(১১ জুলাই) নগরীর রায়েরমহল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের জন্য কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করা হয়।
বিশ্বাস প্রপার্টিজের কর্মচারীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহার নেতৃত্বে পুলিশ রায়েরমহল এলাকায় বিশ্বাস প্রপার্টিজের অফিসে অভিযান চালায়। প্রায় ৩০ মিনিট ভেতরে অবস্থান করে বেরিয়ে আসেন তারা। পরে পাশেই তারা বিশ্বাসের বাসায় অভিযান চালানো হয়। বাসায় প্রবেশ করে ভেতর থেকে গেটে তালা দেওয়ায় গণমাধ্যমকর্মীরা প্রবেশ করতে পারেননি। পুলিশ ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের জন্য অফিস ও বাসা থেকে কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করা হয়েছে।
গত ৬ জুলাই রাতে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় সন্ত্রাসীর গুলিতে ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম নিহত হন। পরদিন তাঁর স্ত্রী শায়লা ইরিন ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ৮ জুলাই এজাহারভুক্ত আসামি জেলা আওয়ামী লীগের সদস্য তারা বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ।











































