Home Uncategorized কুসিকে ভোটগ্রহণ আজ: সাক্কু না সূচনা শেষ হাসি কার?

কুসিকে ভোটগ্রহণ আজ: সাক্কু না সূচনা শেষ হাসি কার?

44

খুলনাঞ্চল রিপোর্ট।।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে শেষ হাসি কার? সাক্কু না সূচনা? এ নিয়ে নগর জুড়ে ভোটার ও সাধারণ মানুষের মাঝে বইছে আলোচনার ঝড়। আজ এ সিটির উপনির্বাচন। সিটির ১০৫টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে র‌্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৩ হাজার সদস্যকে প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া মাঠে থাকছে ৩৬ জন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে চার দিনব্যাপী প্রিজাইডিং অফিসারদের ট্রেনিং হয়েছে। এদিকে শুক্রবার সকালে কুমিল্লা জিলা স্কুলের অডিটরিয়াম থেকে ইভিএম ও নির্বাচনী সরঞ্জামাদি নগরীর সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ কর্মকর্তাদের নিকট বুঝিয়ে দেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা। প্রিজাইডিং অফিসাররা ইভিএম মেশিনসহ সরঞ্জামাদি বুঝে নিয়ে তা কেন্দ্রের উদ্দেশ্যে নিয়ে যান। এবার কুমিল্লা সিটির উপনির্বাচনে মেয়র পদে নির্বাচন করছেন ৪ জন। মেয়র পদে প্রার্থীরা হলেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা, টানা দুবারের সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. মনিরুল হক সাক্কু, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হাতি প্রতীকের প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম।

এদিকে নগরজুড়ে সর্বত্র আলোচিত হচ্ছে- কে হবেন এ উপনির্বাচনে সিটির কাঙ্ক্ষিত মেয়র। তবে এখানে শেষ পর্যন্ত লড়াই হবে সাক্কু ও সূচনার মধ্যে- এমন আলোচনা চলছে সর্বত্র। বিজয়ের মালা কে পরবেন এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে শনিবার ভোট শেষ হওয়া পর্যন্ত। মনিরুল হক সাক্কু বলেন, আমি এ সিটির দুইবারের মেয়র ছিলাম। নগরবাসী আমাকে চেনেন ও জানেন।

এ নগরীর উন্নয়নে আমি অনেক কাজ করেছি, দেড় হাজার কোটি টাকার প্রকল্প এনেছি। কিছু কাজ হয়েছে। অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নগরবাসী আমাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আশা করি। এদিকে নগর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তাহসিন বাহার সূচনা বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার এই নগরসহ কুমিল্লার উন্নয়নে কাজ করছেন। আমি রাজনীতি ছাড়াও সমাজসেবায় অনেক কাজ করেছি। এই নগরকে সুন্দর করে সাজাতে আশা করি নগরবাসী আমাকেই বেছে নিবে। জানা গেছে, এবার সিটির ১০৫টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশের শীর্ষ একজন কর্মকর্তা জানান, শুক্রবার থেকে পুরো নগরীতে প্রায় ৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে নেমেছে। ভোটের দিন কেন্দ্রের বাইরে নগরীর গুরুত্বপূর্ণ সবগুলো পয়েন্টে মোবাইল টিম ও চেকপোস্ট গঠন করে অপরাধ-সন্ত্রাস দমন করে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখা হবে। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ সামছুল তাবরিজ জানান, শুক্রবার থেকে ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২৭টি টিম মাঠে কাজ করছে। তিনি জানান, ভোটকেন্দ্রগুলো ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটের মাঠের পরিবেশ এখনো প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। এমন ধারাবাহিকতা অব্যাহত থাকলে নগরবাসীকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়া যাবে।

 

কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, ভোটের দিন প্রতি কেন্দ্রে ৫ জন করে অস্ত্রধারী পুলিশ, অস্ত্রধারী ২ জনসহ ১২ জন আনসার নিয়োজিত থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় করে ২৭টি ওয়ার্ডে পুলিশের ২৭টি মোবাইল টিম, ৯টি সংরক্ষিত ওয়ার্ডে একটি করে স্ট্রাইকিং ফোর্সের টিম থাকবে এবং রিজার্ভ হিসেবে থাকবে ২টি স্ট্রাইকিং ফোর্সের টিম। নির্বাচন কমিশনের সূত্রমতে, কুমিল্লা সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ডে বিভক্ত। এতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮। নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৪ এবং পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন। হিজড়া ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট হবে। শনিবার ভোটকে কেন্দ্র করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ইসির নির্দেশনা অনুযায়ী সকল প্রস্তুতি নেয়া হযেছে। ভোট হবে শঙ্কামুক্ত ও উৎসবমুখর পরিবেশে। এতে কেউ কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোটের মাঠে এতদিন ধরে বিরাজমান সুন্দর পরিবেশ নষ্ট করার কোনও সুযোগ নেই। তারা ভোটারদেরকে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দেয়ারও আহবান জানিয়েছেন।